১৭ ফেব্রুয়ারি, ১৯৬২ তারিখে নেলসনে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ই ইয়ান স্মিথের পিছনে ছিলেন ও পরবর্তীতে অ্যাডাম প্যারোরে তাঁর তুলনায় এগিয়েছিলেন। ঘরোয়া আসরে কেবলমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলার চেষ্টা চালান। তবে, নিজেকে কখনো মেলে ধরতে পারেননি। ফলশ্রুতিতে, সর্বদাই তাঁদের তুলনায় নিজেকে পিছনে নিয়ে যান। কেবলমাত্র তাঁদের অনুপস্থিতিতেই খেলার সুযোগ পেতেন। সীমিত অংশগ্রহণে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ও দলে স্থায়ী আসন গাড়তে পারেননি।
কৌশলগতভাবে প্রতিভাবান উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এছাড়াও, পরিচ্ছন্ন ধাঁচে ব্যাট হাতে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা ছিল। দূর্ভাগ্যবশতঃ নিউজিল্যান্ড দলের পক্ষে দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ লাভ করা থেকে বঞ্চিত হয়েছিলেন। ব্যাট হাতে দৃঢ় প্রত্যয়চিত্তে খেলতেন। ঘরোয়া আসরের ক্রিকেটে বিশ্বস্ততার পরিচয় দিতেন। দীর্ঘ আসরের ক্রিকেট খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তাঁর খেলার ধরনও এ স্তরের ক্রিকেটের উপযোগী ছিল। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। শুরুতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পক্ষে খেলেন। তবে, ইয়ান স্মিথের আধিপত্যের কারণে ক্যান্টারবারিতে চলে যান। ১৯৮৩-৮৪ মৌসুমের শেল ট্রফি বিজয়ে দলকে সহায়তা করেন। কিন্তু, দলে স্থান লাভে ব্যর্থ হলে পুণরায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টসে চলে যান। শুরুতে কেবলই ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ড দলের সাথে ইয়ান স্মিথের দায়িত্ব পালনকালে খেলতেন। ১৯৮৬-৮৭ মৌসুম শেষে ইয়ান স্মিথ অকল্যান্ডে চলে গেলে তিনি দলের প্রধান উইকেট-রক্ষকের মর্যাদা পান।
১৯৮৬ থেকে ১৯৯৪ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সর্বমোট ১১ টেস্ট ও ৩৮টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। ১৯৮৬ সালে জেরেমি কোনি’র নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। নিয়মিত উইকেট-রক্ষক ইয়ান স্মিথের আঘাতজনিত অনুপস্থিতিতে ২১ আগস্ট, ১৯৮৬ তারিখে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। একবার ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলে ইয়ান বোথামের শিকারে পরিণত হন। তবে, জন রাইটের অসাধারণ ব্যাটিংশৈলী প্রদর্শন সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজে পরাজয়বরণ করে।
১৯৮৮-৮৯ মৌসুমে ভারতের বিপক্ষে দুই টেস্টে অংশ নেন। শেষ আট টেস্ট ১৯৯৩ ও ১৯৯৪ সালে নিজ দেশে ও বিদেশের মাটিতে যথাক্রমে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে খেলেন।
১৯৯৩-৯৪ মৌসুমে মার্টিন ক্রো’র নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া গমন করেন। ১২ নভেম্বর, ১৯৯৩ তারিখে পার্থে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। একবার ব্যাটিংয়ে নেমে ৩৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেন। তবে, অ্যান্ড্রু জোন্সের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে বৃষ্টিবিঘ্নিত খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৯৩-৯৪ মৌসুমে নিজ দেশে সেলিম মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ০ ও ১১* রান সংগ্রহ করেছিলেন। তবে, শেন থমসন ও ব্রায়ান ইয়ংয়ের অসাধারণ ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৫ উইকেটে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
অংশগ্রহণকৃত ৩৮টি ওডিআই দুই ধাপে সম্পন্ন করেন। প্রথমটি মার্চ, ১৯৮৬ থেকে ডিসেম্বর, ১৯৮৮ এবং দ্বিতীয়টি মার্চ, ১৯৯৩ থেকে মার্চ, ১৯৯৪ সাল পর্যন্ত ছিল। ১৯ মার্চ, ১৯৮৬ তারিখে ডুনেডিনে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটান। খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণের পর কিছু সময় কোচিং জগতে ছিলেন। এরপর, ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হন। পরবর্তীকালে, শিক্ষকতা পেশায় মনোনিবেশ ঘটান।
