|

দানুষ্কা গুণতিলকা

১৭ মার্চ, ১৯৯১ তারিখে পানাদুরায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

‘ডানা’ ডাকনামে ভূষিত হয়েছেন। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী। কলম্বোর মহানামা কলেজে অধ্যয়ন করেছেন। প্রতিভাবান অল-রাউন্ডার হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রবেশ করেন। দর্শনীয় আক্রমণাত্মক ধাঁচের বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। ব্যাটিংয়ের পাশাপাশি মাঝে-মধ্যে অফ-স্পিন বোলিং করে থাকেন। ২০১০-১১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কলম্বো ক্রিকেট ক্লাব এবং তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, গল গ্ল্যাডিয়েটর্স, সাউদার্ন এক্সপ্রেস ও সিলেট সিক্সার্সের পক্ষে খেলেছেন। ২৫ ফেব্রুয়ারি, ২০১১ তারিখে কলম্বোর সিসিসিতে অনুষ্ঠিত কলম্বো ক্রিকেট ক্লাব বনাম রাগামা ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০০৯ সালে যুব বিশ্বকাপে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম সদস্য ছিলেন। সিংহলীজ স্পোর্টস ক্লাবের পক্ষে খেলে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। ঘরোয়া ক্রিকেটে সুন্দর খেলার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমনের সুযোগ পান। বেশ ভালোমানের ক্রীড়াশৈলী উপহার দেন। চার ইনিংস থেকে দুইটি অর্ধ-শতক সহযোগে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। ঐ সফরে দারুণ খেলার কারণে নভেম্বরে নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।

২০১৫ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিয়েছেন। ১ নভেম্বর, ২০১৫ তারিখে কলম্বোর আরপিএসে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১৫-১৬ মৌসুমে জাতীয় দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ৭ জানুয়ারি, ২০১৬ তারিখে মাউন্ট মুঙ্গানুইয়ে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে প্রথমবারের মতো অংশ নেন। এ সফরের প্রথম তিনটি ওডিআইয়ে সাধারণমানের খেলা উপহার দেন। তবে, নেলসনে দূর্দান্ত ৬৫ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার মূল দলে ছিলেন না। তবে, চামারা কাপুগেদেরা’র আঘাতজনিত অনুপস্থিতিতে দ্বিতীয় খেলায় অংশ নেয়ার সুযোগ পান। ৭২ বলে ৭৬ রান তুলে প্রতিপক্ষকে ৩২২ রানের লক্ষ্যমাত্রায় নিয়ে যান। এরপর আরও তিনটি অর্ধ-শতকসহ জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজে নিজস্ব প্রথম শতরানের ইনিংস খেলেন। এরফলে, টেস্ট দলে অন্তর্ভুক্তির পথ সুগম হয়। ওডিআই অভিষেকের দুই বছর পর গলেতে সফররত ভারতের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো অংশ নেন।

২০১৭ সালে নিজ দেশে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৬ জুলাই, ২০১৭ তারিখে গলেতে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, অভিষেক পর্বটি তেমন সুবিধের হয়নি। ০/৪১ ও ১/১৬ বোলিং বিশ্লেষণসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ১৬ ও ২ রান সংগ্রহ করেছিলেন। উভয় ইনিংসেই বাজে শট খেলে বিদেয় নিয়েছিলেন। তবে, শিখর ধবনের অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে সফরকারীরা ৩০৪ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

২০১৮ সালে দিনেশ চণ্ডীমলের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। ২৩ জুন, ২০১৮ ব্রিজটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও দিবা-রাত্রীর চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ২৯ ও ২১ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে জেসন হোল্ডারের বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। প্রতিপক্ষীয় অধিনায়ক জেসন হোল্ডারের প্রাণান্তঃকর অল-রাউন্ড ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও সফরকারীরা ৪ উইকেটে জয় পেলে সিরিজ ড্র করতে সমর্থ হয়।

২০১৮-১৯ মৌসুমে দিনেশ চণ্ডীমলের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সাথে নিউজিল্যান্ড গমন করেন। ২৬ ডিসেম্বর, ২০১৮ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৮ ও ৪ রান সংগ্রহ করে উভয় ইনিংসে টিম সাউদি’র শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। পাশাপাশি, বল হাতে নিয়ে ০/৪৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। টিম সাউদি’র অসাধারণ অল-রাউন্ড নৈপুণ্যে সফরকারীরা ৪২৩ রানের বিশাল ব্যবধানে পরাভূত হলে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

উইকেটে অবস্থানকালে স্কয়ার অঞ্চলে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও অফ-সাইডেই অধিক সফল হন। কুমার সাঙ্গাকারাকে পছন্দের খেলোয়াড়ের তালিকায় শীর্ষে রেখেছেন। ১৭ ডিসেম্বর, ২০২০ তারিখে থিসারা পেরেরাআন্দ্রে রাসেলের সাথে এলপিএল প্রতিযোগিতার সেরা দলে অন্তর্ভুক্ত হন।

সম্পৃক্ত পোস্ট