১ সেপ্টেম্বর, ১৯৫১ তারিখে ইয়র্কশায়ারের হর্টন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
‘ব্লুয়ে’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ইংল্যান্ডে ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে আলোচিত খেলোয়াড় ছিলেন। ব্রাডফোর্ডভিত্তিক হ্যান্সন গ্রামার স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৭০ থেকে ১৯৯০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের প্রতিনিধিত্ব করেছেন। দুই দশক ইয়র্কশায়ারের সাজঘরে বেশ জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। যুদ্ধংদেহী মনোভাবের অধিকার নিয়ে খেলায় অগ্রসর হতেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে তেরো হাজারের অধিক রান ও সহস্রাধিক ডিসমিসাল ঘটিয়েছিলেন।
কৌশলগতভাবে উপযুক্ত উইকেট-রক্ষক না হলেও বেশ কার্যকরী ছিলেন। ব্যাট হাতে অতি আগ্রাসী ভূমিকা গ্রহণ করতেন। লিস্ট-এ ক্রিকেটের একটি খেলায় চূড়ান্ত ওভারে ছয় ছক্কা মারেন। এরফলে, শেষ ওভারে দলের জয়ের লক্ষ্যমাত্রা ৩৫ অতিক্রম করতে সমর্থ হয়েছিলেন।
১৯৭৯ থেকে ১৯৮৪ সময়কালে ইংল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্ট ও ২১টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ২৪ জানুয়ারি, ১৯৭৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে জড়িয়ে পড়েন।
১৯৭৯ সালে নিজ দেশে শ্রীনিবাস বেঙ্কটরাঘবনের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ৩০ আগস্ট, ১৯৭৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অ্যালান বুচারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৯ ও ৫৯ রান সংগ্রহ করে উভয় ইনিংসে কপিল দেবের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে তিনটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। সুনীল গাভাস্কার দ্বি-শতক হাঁকানো সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৯৮০ সালে নিজ দেশে ভিভ রিচার্ডসের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৭ আগস্ট, ১৯৮০ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৪০ ও ৯* রান সংগ্রহ করেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে দুইটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯৮০-৮১ মৌসুমে ইয়ান বোথামের নেতৃত্বাধীন ইংরেজ দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমন করেন। ১৩ মার্চ, ১৯৮১ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে দলের ০ ও ২ রান তুলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে পাঁচটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। প্রতিপক্ষীয় অধিনায়ক ক্লাইভ লয়েডের ব্যাটিং দৃঢ়তায় সফরকারীরা ২৯৮ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেটের ক্ষুদ্রতর সংস্করণ খেলতেই অধিক ভালোবাসতেন। প্রায়শঃই উল্লেখযোগ্য ইনিংস খেলতেন। সংখ্যাগতভাবে বড় না হলেও সন্দেহাতীতভাবে খেলায় বিরাট প্রভাব ফেলতো। ইংল্যান্ডের পক্ষে একবারই কেবল দর্শনীয় ইনিংস খেলেছিলেন। আগ্রাসী দৃষ্টিভঙ্গীর কারণে ওডিআইয়ে অধিক সময় ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন। তবে, কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের পক্ষে সফলতা পেলেও আন্তর্জাতিক পর্যায়ে তা পাননি।
কঠোর ব্যক্তিত্বপ্রবণ ছিলেন। ইয়র্কশায়ার ক্রিকেট থেকে তাঁকে বাদ দেয়া বেশ কঠিন বিষয় ছিল। এমনকি নিজের সেরা সময় ও অধিনায়কত্ব থেকে প্রত্যাহার করার পরও এর রেশ থেকে যায়। এক পর্যায়ে তাঁকে দল থেকে বাদ দেয়া হলেও ইয়র্কশায়ারের সদস্যরূপে ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে প্রদর্শনীমূলক খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ১৯৭৩ সালে প্রথম স্ত্রী গেইলের সাথে পরিচিত হন। এ দম্পতির এক পুত্র ও এক কন্যা ছিল। পুত্র অ্যান্ড্রু ডার্বিশায়ারের পক্ষে উইকেট-রক্ষক হিসেবে কয়েকটি খেলায় অংশ নিয়েছিল। তবে, কনিষ্ঠ সন্তান জনি বেয়ারস্টো বেশ খ্যাতিলাভ করেন ও উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে ২০১৬ সাল থেকে ইংল্যান্ড দলে খেলছে।
বেতার ধারাভাষ্যে জনপ্রিয়তা লাভ করেন। ফ্রেড ট্রুম্যানের সাথে ক্রীড়াসামগ্রীর ব্যবসা পরিচালনায় অগ্রসর হন। তবে, সফলতার সন্ধান পাননি। ৫ জানুয়ারি, ১৯৯৮ তারিখে ইয়র্কশায়ারের মার্টন-কাম-গ্রাফ্টন এলাকায় মাত্র ৪৬ বছর ১২৬ দিন বয়সে জীবনাবসান ঘটে। নিজ গৃহে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জ্যানেট নাম্নী দ্বিতীয় পত্নীর ক্যান্সারের চিকিৎসাজনিত খরচ মেটাতে আর্থিক সঙ্কটে ভুগতে থাকেন ও চরম হতাশায় নিপতিত হন। এ সংবাদে পুরো ক্রিকেট বিশ্ব মর্মাহত হয়। ইয়র্কশায়ার কর্তৃপক্ষের সাথেও তাঁর সুসম্পর্ক ছিল না। আঘাতের কারণে সাময়িকভাবে গল্ফ খেলা ছেড়ে দেন। মাতলামির দায়ে অভিযুক্ত ছিলেন।
সেন্ট অ্যান্ড্রুজ চার্চে শীতের কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে সাত শতাধিক জনতা তাঁর শবানুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদেরই একজন ইলিংওয়ার্থ মন্তব্য করেন যে, ‘যদি তিনি জানতেন যে তাঁর অনেক বন্ধু রয়েছে, তাহলে হয়তোবা তিনি এ কাজ করতে পারতেন না।’
