|

পিটার মালান

১২ আগস্ট, ১৯৮৯ তারিখে নেলস্প্রুইট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ওয়াটারক্লুফ হোর স্কুলে অধ্যয়ন করেছেন। বিদ্যালয় পর্যায়ে ক্রিকেট খেলতেন। কিশোর অবস্থায় স্বীয় প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখতে শুরু করেন। বহুমূখী শট খেলতে অভ্যস্ত। খেলোয়াড়ী জীবনের শুরুতে ইংল্যান্ডের অনেকগুলো ক্লাবে খেলেছেন। পরবর্তীতে, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে খেলতে থাকেন। ২০০৬-০৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্দার্নস, টাইটান্স ও ওয়েস্টার্ন প্রভিন্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ার ও মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেপ কোবরাসের পক্ষে খেলেছেন। ১৮ জানুয়ারি, ২০০৭ তারিখে প্রিটোরিয়ায় অনুষ্ঠিত গটেং বনাম নর্দার্নসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

নিজস্ব তৃতীয় খেলায় গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের বিপক্ষে প্রথম শতক হাঁকান। এরফলে, ২০০৮ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা দলের সদস্যরূপে খেলার জন্যে মনোনীত হন। বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারত দল শিরোপা জয় করলেও তিনি মিডিয়াম-পেস বোলিং করে তাঁর উইকেট পেয়েছিলেন। ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন তিনি ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে উচ্চমানসম্পন্ন ক্রিকেটারের পরিচিতি ঘটান। ২০১৭-১৮ মৌসুমের মোমেন্টাম ওয়ান ডে কাপে শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন। মার্চ, ২০১৮ সালে টাইটান্সের বিপক্ষে ১৮০ রানের মনোমুগ্ধকর ইনিংস উপহার দেন। সকল স্তরের ক্রিকেটেই তিনি সিদ্ধহস্তের অধিকারী।

১১ নভেম্বর, ২০২১ তারিখে ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্যে ১৪-সদস্যবিশিষ্ট দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের অধিনায়ক হিসেবে তাঁকে মনোনীত করা হয়। ২৪ মে, ২০২২ তারিখে মিডলসেক্সের পক্ষে মৌসুমের বাদ-বাকী সময়ে খেলার জন্যে পিটার হ্যান্ডসকম্বের স্থলাভিষিক্ত হন ও চুক্তিনামায় স্বাক্ষর করেন। এরফলে, চ্যাম্পিয়নশীপ ও রয়্যাল লন্ডন কাপে খেলেন। এরপূর্বে ২০২১ সালে ওয়ারউইকশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশীপের ট্রফি বিজয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ছয় খেলা থেকে ৩৭.৬৬ গড়ে রান তুলেছিলেন। এ পর্যায়ে নিউ রোডে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ১৪১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ২০১৯-২০ মৌসুমে নিজ দেশে জো রুটের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ৩ জানুয়ারি, ২০২০ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৫ ও ৮৪ রান তুলেন। তবে, বেন স্টোকসের অসাধারণ অল-রাউন্ডশৈলীতে স্বাগতিকরা ১৮৯ রানে পরাজয়বরণ করলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা বিরাজ করে।

একই সফরের ২৪ জানুয়ারি, ২০২০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৫ ও ২২ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। প্রতিপক্ষীয় মার্ক উডের অসাধারণ অল-রাউন্ড সাফল্যে স্বাগতিকরা ১৯১ রানে পরাভূত হলে ৩-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

সম্পৃক্ত পোস্ট