২৬ জুলাই, ১৯৯৩ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৫-১৬ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে নর্দার্ন নাইটস ও নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ক্যান্টারবারি ‘এ’, ক্যান্টারবারি অনূর্ধ্ব-১৭ ও ক্যান্টারবারি অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। ১৫ অক্টোবর, ২০১৫ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত ক্যান্টারবারি বনাম অকল্যান্ডের মধ্যকার খেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটিয়েছেন।
২০২৩-২৪ মৌসুম থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র অধিনায়কত্বে সিরিজের একমাত্র টেস্ট খেলতে দলের সাথে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে আবুধাবির টলারেন্স ওভালে আফগানিস্তানের বিপক্ষে ক্রেগ ইয়ং ও ব্যারি ম্যাকার্থি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০/১২ ও ১/৪৩ লাভ করেন। এছাড়াও, ব্যাট হাতে ১ রান সংগ্রহ করেছিলেন। তেমন সুবিধে করতে না পারলেও মার্ক অ্যাডেইরের বোলিংয়ের বদৌলতে ঐ খেলায় তাঁর দল ৬ উইকেটে জয়লাভ করে।
