১৩ সেপ্টেম্বর, ১৯৯২ তারিখে ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
লুইস ম্যাকার্থি নাম্নী তাঁর কনিষ্ঠ ভগ্নী আয়ারল্যান্ড মহিলা দলের সদস্যরূপে খেলেছেন। ২০১৫-১৬ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে লিনস্টার লাইটনিং ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডারহামের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, লেপ্রেশন্স ক্রিকেট ক্লাব, ডারহাম দ্বিতীয় একাদশ, আয়ারল্যান্ড ‘এ’, আয়ারল্যান্ড ডেভেলপম্যান্ট একাদশ, আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৫ ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ৯ সেপ্টেম্বর, ২০১৫ তারিখে নটিংহামে নটসের বিপক্ষে খেলায় অংশগ্রহণের মাধ্যমে তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটে।
ইংরেজ অল-রাউন্ডার বেন স্টোকসের সুপারিশক্রমে ডারহাম দলে ঠাঁই পান। ওডিআইয়ের পূর্বে অনুশীলনকালে বেন স্টোকস তাঁর পরিচিতি পান ও নিজ কাউন্টিতে স্বীয় পরামর্শ দেন। ডারহাম কর্তৃপক্ষ তাঁর ডাকে সাড়া দেন। অতঃপর, ২০১৫ সালে তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। চেস্টার-লি-স্ট্রিটে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথমবারের মতো পাঁচ-উইকেট লাভ করেন। চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের ফলে পরবর্তী বছর তাঁকে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে যুক্ত করা হয়। এছাড়াও অস্ট্রেলীয় গ্রেড ক্রিকেটে র্যান্ডউইক-পিটারশ্যাম দলে খেলেন।
আয়ারল্যান্ড দল টেস্ট মর্যাদা পেলে তিনি আয়ারল্যান্ডের টেস্ট দলের অন্যতম সদস্য হবার স্বপ্ন দেখেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী টেস্টে তাঁকে নিরাশ হতে হয়। তাঁকে মূল দলে রাখা হয়নি। ২০১৮ সালের গ্রীষ্মকাল শেষে ডারহাম থেকে তাঁকে অবমুক্তি দেয়া হয়।
২০১৬ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র অধিনায়কত্বে সিরিজের একমাত্র টেস্ট খেলতে দলের সাথে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে আবুধাবির টলারেন্স ওভালে আফগানিস্তানের বিপক্ষে থিও ফন ওরকম ও ক্রেগ ইয়ংয়ের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১/২৮ ও ৩/৪৮ লাভ করেন। এছাড়াও, ব্যাট হাতে ৫ রান সংগ্রহ করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ৬ উইকেটে জয়লাভ করে।
২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র নেতৃত্বাধীন আইরিশ দলের সদস্যরূপে জিম্বাবুয়ে সফরে যান। ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ওভালে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে এনটি নিয়ামহারিকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৩/৪২। খেলায় তিনি ৪/৭৫ ও ২/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, ০ ও ১১ রান সংগ্রহ করেছিলেন। তবে, অ্যান্ডি ম্যাকব্রায়ানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ৬৩ রানে জয়লাভ করে।
২০২৫-২৬ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র নেতৃত্বাধীন আইরিশ দলের সদস্যরূপে বাংলাদেশ গমন করেন। ১১ নভেম্বর, ২০২৫ তারিখে সিলেটে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩১ ও ২৫ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৭২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে খেলায় তাঁর দল ইনিংস ও ৪৭ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
