|

ডিওন মায়ার্স

২১ মার্চ, ২০০২ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

সেন্ট জর্জেস কলেজে অধ্যয়ন করেছেন। ২০২০-২১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাউন্টেনিয়ার্সের প্রতিনিধিত্ব করেছেন। ৯ ডিসেম্বর, ২০২০ তারিখে হারারেতে অনুষ্ঠিত মাউন্টেনিয়ার্স বনাম ঈগলসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২১ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২১ সালে নিজ দেশে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ৯ জুলাই, ২০২১ তারিখে হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। তাকুদজানাশি কাইটানো’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ২৭ ও ২৬ রান সংগ্রহ করেন। পাশাপাশি, তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ২২০ রানে পরাজিত হয়েছিল।

অল্প কিছুদিন পর ১৬ জুলাই, ২০২১ তারিখে একই মাঠে ও একই দলের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। ১০ জুন, ২০২২ তারিখে আফগানিস্তানের বিপক্ষে টি২০আই সিরিজকে ঘিরে জিম্বাবুয়ে দলের সদস্যরূপে ঠাঁই পান।

২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সফররত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৭ ও ৪ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে এএম গজনফরের বলে বিদেয় নিয়েছিলেন। তবে, প্রতিপক্ষীয় অধিনায়কের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

এরপর, ২ জানুয়ারি, ২০২৫ তারিখে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৫ ও ৬ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। রশীদ খানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে সফরকারীরা ৭২ রানে জয় তুলে নেয় ও ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

সম্পৃক্ত পোস্ট