১৫ জুন, ১৯৯৩ তারিখে কাদোমায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
শৈশবকাল থেকেই পেশাদার ক্রিকেটার হবার স্বপ্ন দেখতেন। রাইনোসের যাচাই-বাছাইয়ে অংশ নেন ও কোচ রবিন ব্রাউন তাঁকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত করেন। ২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মিড ওয়েস্ট রাইনোস ‘বি’ ও সাউদার্নসের প্রতিনিধিত্ব করছেন। ২১ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে কেউইকেউইতে অনুষ্ঠিত রাইনোস বনাম ঈগলসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২১ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। ২০২১ সালে নিজ দেশে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশের মুখোমুখি হন। ৯ জুলাই, ২০২১ তারিখে হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ডিওন মায়ার্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক টেস্টে দারুণ খেলেন। প্রথম ইনিংসে ৩১১ বল মোকাবেলায় ৮৭ রান তুলে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এ পর্যায়ে অভিষেকে জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্বের অধিকারী হন ও ২৯ বছরের রেকর্ড ভঙ্গ করেন। অবশ্য, ঐ খেলায় তাঁর দল ২২০ রানে পরাজিত হয়েছিল।
৭ জানুয়ারি, ২০২২ তারিখে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন-ওডিআই নিয়ে গড়া সিরিজে অংশগ্রহণের জন্যে ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন ১৫-সদস্যের জিম্বাবুয়ীয় দলে ঠাঁই দেয়া হয়। ১৬ জানুয়ারি, ২০২১ তারিখে ক্যান্ডির পল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওডিআইয়ে অংশ নেন।
২০২৫ সালে নিজ দেশে কেশব মহারাজের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৮ জুন, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ১২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। লুয়ান-ড্রি প্রিটোরিয়াসের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ৩২৮ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৬ জুলাই, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ৪০ রান সংগ্রহ করেছিলেন। তবে, অধিনায়কের দায়িত্বে থাকা উইয়ান মুল্ডারের অসাধারণ ত্রি-শতকের কল্যাণে সফরকারীরা খুব সহজেই ইনিংস ও ৩২৮ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে বিজয়ী হয়।
১৮ জুলাই, ২০২১ তারিখে ২৫ বছর বয়সে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। অভিষেক টেস্টে দারুণ খেলা উপহার দিলেও প্রকৌশল বিষয়ে জীবন গঠনের দিকে মনোযোগী হবার বিষয়ে জানান।
