২১ এপ্রিল, ১৯৩৪ তারিখে ওরচেস্টারে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও প্রশাসক ছিলেন। দলে মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ক্রীড়াপ্রেমী পরিবারের সন্তান ছিলেন। ড্রোইটউইচভিত্তিক স্যাক্রেড হার্ট কলেজে অধ্যয়ন করেছেন। ব্যাটিং ও অফ-স্পিন বোলিংয়ে দক্ষ হয়ে উঠেন। স্টোরব্রিজ ক্রিকেট ক্লাবে যুক্ত হন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ার ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫২ থেকে শুরু করে ১৯৭০-৭১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ওরচেস্টারভিত্তিক দলটিতে ব্যাটিং উদ্বোধনে নামতেন। ১৯৬৪ সালে প্রথমবারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ী ওরচেস্টারশায়ার দলের অন্যতম সদস্য ছিলেন। এর পরের বছরও এ সাফল্যের পুণরাবৃত্তি ঘটিয়েছিল দলটি।
১৫ বছর বয়সে ওরচেস্টারশায়ারের পক্ষে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। ১৮ বছর বয়সে ১৯৫২ সালে প্রথমবারের মতো খেলতে নামেন ও ১৯৬৬ সাল পর্যন্ত খেলেন। ১৯৫৩ সালে আরএএফে জাতীয় সেবায় অংশগ্রহণকালীন ক্রিকেট শিক্ষা গ্রহণ করেন। এ পর্যায়ে কিংস্টন আপোন টেমসে অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে কম্বাইন্ড সার্ভিসেসের সদস্যরূপে খেলেন। ১৯৫৬ সালে বাথে সমারসেটের বিপক্ষে হ্যাট্রিক করেছেন। ১৯৫৮ সালে ইংল্যান্ডে সফররত নিউজিল্যান্ডীয় একাদশের বিপক্ষে ওরচেস্টারশায়ারের সদস্য হিসেবে খেলেন।
১৯৫৯ সালে ইংল্যান্ডের পক্ষে সবমিলিয়ে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ভারতের বিপক্ষে খেলেছিলেন। ১৯৫৯ সালে নিজ দেশে দত্তা গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ৪ জুন, ১৯৫৯ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কেন টেলর ও টমি গ্রীনহফের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৫ ও ০/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ৫৯ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ১৮ জুন, ১৯৫৯ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। তেমন সুবিধে করতে পারেননি। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ টেস্টে সফরকারীরা ৮ উইকেটে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
১৬ বছর নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন। এছাড়াও, ১৯৬৭ থেকে ১৯৭১ সময়কালে নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে খেলেছেন। প্রশিক্ষণ কর্মের স্বীকৃতিস্বরূপ বার্ট সাটক্লিফ পদক লাভ করেন। নিজ দেশের প্রতি গভীর ভালোবাসার ফলে ১৯৮৩ সালে পরিবারসহ ব্রিটেনে ফিরে আসেন। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তাঁর বেশ অনুরাগ ছিল। ওরচেস্টারভিত্তিক রয়্যাল গ্রামার স্কুলে ১২ বছর কোচের দায়িত্ব পালন করেন।
ওরচেস্টারশায়ার কমিটিতে যোগ দেন। ১৯৯৮ থেকে ২০০১ সময়কালে ক্রিকেট সভাপতির দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মার্গারেট নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির শেলী নাম্নী এক কন্যা ছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৩ এপ্রিল, ২০১১ তারিখে ওরচেস্টারে ৭৬ বছর ৩৪৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। জন আর্লট তাঁকে ‘বাঁক খাওয়ানো উইকেটে চমৎকার বোলার হলেও চমৎকার পিচে খুব কমই ভালোমানের ব্যাটসম্যানের জন্যে বিপদের কারণ হয়ে দাঁড়ানোর অধিকারী’ হিসেবে চিত্রিত করেছেন।
