১৯ অক্টোবর, ২০০০ তারিখে চিটাংগুইজা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে তিনি মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে আফ্রিকা টি২০ কাপের ২০১৬ সালের আসরে জিম্বাবুয়ে দলের সদস্যরূপে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে। এরপূর্বে ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় জিম্বাবুয়ে দলের সদস্য ছিলেন।
২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে তুস্কার্সের প্রতিনিধিত্ব করেছেন। ১২ নভেম্বর, ২০১৭ তারিখে হারারেতে অনুষ্ঠিত লোগান কাপের ২০১৭-১৮ মৌসুমের প্রতিযোগিতায় রাইজিং স্টার্সের সদস্যরূপে মাউন্টেনিয়ার্সের বিপক্ষে খেলার মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটান। একই মাসের শেষদিকে ২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে জিম্বাবুয়ে দলের সদস্যরূপে মনোনীত হন। ডিসেম্বর, ২০১৯ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ২০২০ সালের আসরকে ঘিরে জিম্বাবুয়ে দলের সদস্য হন। ১২ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে প্রো৫০ চ্যাম্পিয়নশীপের ২০১৯-২০ মৌসুমের আসরে মাতাবেলেল্যান্ড তুস্কার্সের পক্ষে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়। ডিসেম্বর, ২০২০ সালে লোগান কাপের ২০২০-২১ মৌসুমের আসরকে ঘিরে তুস্কার্সের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।
২০২০ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। অক্টোবর, ২০২০ সালে পাকিস্তান গমনার্থে জিম্বাবুয়ে দলের সদস্য হন। ১০ নভেম্বর, ২০২০ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টি২০আইয়ে অভিষেক হয়। এপ্রিল, ২০২১ সালে ফিরতি সফরে একই দলের বিপক্ষে খেলার উদ্দেশ্যে জিম্বাবুয়ে টেস্ট দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন।
২০২০-২১ মৌসুমে নিজ দেশে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যে জিম্বাবুয়ে দলের সদস্য হন। ২৯ এপ্রিল, ২০২১ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। রিচার্ড এনগারাভা ও রয় কাইয়া’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ২৭ ও ৪ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এছাড়াও, ২৯ রান খরচ করলেও কোন উইকেটের সন্ধান পাননি। ইনিংস ও ১১৬ রানের ব্যবধানে তাঁর দল পরাজিত হয় ও দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
২০২২-২৩ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ঐ টেস্টে গুদাকেশ মোতি’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৪ রানের ব্যবধানে জয় পায়। এছাড়াও, দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। ব্যাট হাতে নিয়ে ৩ ও ৭ রান তুলেন। ০/১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান।
