১ আগস্ট, ১৯৯৫ তারিখে জন্মগ্রহণকারী আইরিশ ক্রিকেটার। দলে মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে কার্যকর মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
বেলফাস্টভিত্তিক মেথডিস্ট কলেজে অধ্যয়ন করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে নর্দার্ন নাইটস দলের প্রতিনিধিত্ব করছেন। ২৮ মার্চ, ২০১৭ তারিখে ব্রিস্টলে ডারহাম এমসিসিইউ’র সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৭ সালের মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিশ্ববিদ্যালয়ের খেলার সময়সূচীর অংশ হিসেবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে এ অভিষেক পর্বটি সম্পন্ন হয়। এর পূর্বে ২০১৬ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত আন্তঃপ্রাদেশিক চ্যাম্পিয়নশীপে নর্দার্ন নাইটসের পক্ষে খেলেছিলেন।
২৩ জুন, ২০১৭ তারিখে আন্তঃপ্রাদেশিক ট্রফি প্রতিযোগিতায় নর্দার্ন নাইটসের সদস্যরূপে টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে। ৬ আগস্ট, ২০১৭ তারিখে আন্তঃপ্রাদেশিক কাপে ক্লাবের পক্ষে লিস্ট-এ খেলায় প্রথম অংশ নেন। ২০১৮ সালের আন্তঃপ্রাদেশিক চ্যাম্পিয়নশীপে নর্দার্ন নাইটসের পক্ষে শীর্ষস্থানীয় রান সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হন। চার খেলায় মোট ৪৪২ রান সংগ্রহ করেছিলেন। পাঁচটি প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেছেন। বিস্ময়করভাবে প্রথমবারের মতো পাঁচ-উইকেট লাভ করেছিলেন নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে।
ডিসেম্বর, ২০১৮ সালে ক্রিকেট আয়ারল্যান্ড কর্তৃক ২০১৯ মৌসুমকে ঘিরে কেন্দ্রীয় পর্যায়ে চুক্তিতে উপনীত হওয়া ঊনিশজন খেলোয়াড়ের অন্যতম ছিলেন।
২০১৯ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। জানুয়ারি, ২০১৯ সালে আয়ারল্যান্ডের টেস্ট ও ওডিআই দলের সদস্যরূপে অন্তর্ভূক্ত হন। ২০১৮-১৯ মৌসুমে ভারতের মাটিতে আসগর আফগানের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পান। ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে দেরাদুনে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। একই সফরের ১৫ মার্চ, ২০১৯ তারিখে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত একই দলের বিপক্ষে অ্যান্ডি ম্যাকব্রায়ান, জর্জ ডকরেল, জেমস ক্যামেরন-ডাউ ও স্টুয়ার্ট পয়েন্টারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে ৪ ও ৩৯ রান তুলেন। তন্মধ্যে, দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেটে অ্যান্ড্রু বালবির্নি’র সাথে ১০৪ রানের জুটি গড়েন। তবে, প্রতিপক্ষীয় রহমত শাহের ৯৮ ও ৭৬ রানের বদৌলতে তাঁর দল ৭ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল।
২০১৯ সালে উইলিয়াম পোর্টারফিল্ডের নেতৃত্বাধীন আইরিশ দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৪ জুলাই, ২০১৯ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম ও সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৯ ও ১১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। জ্যাক লিচের অনবদ্য ব্যাটিংশৈলীর কল্যাণে ঐ টেস্টে তাঁর দল ১৪৩ রানে পরাজয়বরণ করেছিল।
২০২৩ সালে অ্যান্ডি বালবির্নি’র অধিনায়কত্বে সিরিজের একমাত্র টেস্ট খেলতে দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ১ জুন, ২০২৩ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে খেলায় তিনি ৩৬ ও ১২ রান সংগ্রহ করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ১০ উইকেটে পরাজয়বরণ করেছিল।
