২ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে ভিক্টোরিয়ার ম্যালভার্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হন। ডানহাতে ব্যাটিং করেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়ার পর থেকে তুমুল ঝড় তুলেন। তবে, মানসিক ভারসাম্যের কারণে তাঁর খেলোয়াড়ী জীবনে বিরূপ প্রভাব ফেলে। ২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন।
জানুয়ারি, ২০১৭ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সদস্যরূপে সফররত পাকিস্তানী একাদশের বিপক্ষে প্রথমবারের মতো লিস্ট-এ ক্রিকেটে অংশ নেন। এরপর, ১ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। প্রথম বিশটি খেলা থেকে চারটি শতরানের ইনিংস খেলেছেন। মার্চ, ২০১৮ সালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলাকালীন শন অ্যাবটের বাউন্সারে মাথায় গুরুতর চোট পান ও মাটিতে পড়ে যান। এটি তাঁর মাথায় দ্বিতীয়বারের মতো আঘাত লাগে।
ভিক্টোরিয়ার পক্ষে শুরু থেকেই বেশ ভালোমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করে আসছেন। অক্টোবর, ২০১৮ সালে স্বর্ণালী মুহূর্তের সাথে নিজেকে জড়ান। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বি-শতক হাঁকান। তবে, একই মাসে মানসিক অসুস্থতায় ক্রিকেট খেলা থেকে বিরত থাকেন।
অ্যাডিলেডে মার্কাস হ্যারিসের (২৩৯) সাথে ৪৮৬ রানের জুটি দাঁড় করিয়ে নতুন অস্ট্রেলীয় রেকর্ড গড়েন। এরফলে, পুরো বিশ্বের প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম উইকেটে নতুন রেকর্ডের সৃষ্টি হয়। তিনি ২৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরফলে, ১৯৯০ সালে পার্থে অনুষ্ঠিত শেফিল্ড শীল্ডে নিউ সাউথ ওয়েলসের সদস্যরূপে স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ’র ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া নিরবিচ্ছিন্ন ৪৬৪ রানের ৩০ বছরের শেফিল্ড শীল্ডের রেকর্ড ম্লান হয়ে যায়।
জানুয়ারি, ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলার জন্যে তাঁকে অস্ট্রেলিয়া দলে ঠাঁই দেয়া হয়। তবে, মানসিক স্বাস্থ্যগত ঝুঁকি থেকে উত্তরণের জন্যে দল থেকে নাম প্রত্যাহার করে নেন।
২০২১ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ২০২০-২১ মৌসুমে নিজ দেশে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ৭ জানুয়ারি, ২০২১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৬২ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ১০ রান তুলেছিলেন। তবে, ফিল্ডিংকালে গুরুতর চোট পান। স্টিভেন স্মিথের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ১-১ ব্যবধানে অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
১৯ মার্চ, ২০২২ তারিখে চিকিৎসক দল একমত পোষণ করেন যে, পূর্বেকার আঘাতগুলো প্রকৃতপক্ষে তেমন গুরুতর ছিল না। এরফলে, শেফিল্ড শীল্ডে তাঁর খেলার পথ সুগম হয়।
বিবিএলের দশম আসরকে ঘিরে প্রথমবারের মতো মেলবোর্ন স্টার্সের পক্ষে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন।
