|

ওয়াইনিদু হাসারাঙ্গা

২৯ জুলাই, ১৯৯৭ তারিখে গলেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হন। ডানহাতে নিচেরসারির মারকুটে ব্যাটসম্যান ও আক্রমণাত্মক ধাঁচের লেগ-ব্রেক বোলিং করে থাকেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

রিচমণ্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেছেন। ২০১৫ ও ২০১৬ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের পক্ষে চমৎকার খেলা প্রদর্শন করেছিলেন। এছাড়াও, ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে প্রতিশ্রুতিশীলতার ধারা অব্যাহত রেখেছেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে বোলিংয়ে বেশ সাফল্য পেয়েছেন। তবে, ২০১৬ সালের যুবদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩/৩৪ বোলিং পরিসংখ্যান গড়েই সর্বাধিক পরিচিতি লাভ করেন। বড়দের ক্রিকেটে প্রথম দুই মৌসুম ব্যাট হাতে নিয়ে তুলনামূলকভাবে নিজেকে এগিয়ে রেখেছিলেন।

২০১৫-১৬ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কলম্বো ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জাফনা স্ট্যালিয়ন্সের পক্ষে খেলেছেন।

২৬ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে পানাগোদায় অনুষ্ঠিত শ্রীলঙ্কা পোর্টস অথরিটি ক্রিকেট ক্লাব বনাম ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। শ্রীলঙ্কা পোর্টস অথরিটি ক্রিকেট ক্লাবের পক্ষে ৮৭ রান তুলে প্রথম-শ্রেণীর ক্রিকেটের অভিষেকে নিজের পরিচিতির কথা তুলে ধরেন। এরপর, কলম্বো ক্রিকেট ক্লাবে চলে যান। ২০১৭ সালের প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে ৩৯.০৬ গড়ে, ৯৩ স্ট্রাইক রেটে ৫৮৬ রান সংগ্রহ করেছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে রান সংগ্রহের পাশাপাশি ঘরোয়া লিস্ট-এ প্রতিযোগিতায় ভালোমানের বোলিংশৈলী প্রদর্শনের কারণে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর আস্থা অর্জনে সমর্থ হন।

২০১৭ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিয়েছিলেন। জুন, ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি একদিনের আন্তর্জাতিকে খেলার লক্ষ্যে তাঁকে শ্রীলঙ্কা দলের সদস্যরূপে মনোনীত করা হয়। এছাড়াও, ফিল্ডিংয়ে চমৎকার দক্ষতা অর্জনও এতে প্রভাব ফেলে। ২ জুলাই, ২০১৭ তারিখে গলেতে অনুষ্ঠিত ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। অভিষেক পর্বটি অত্যন্ত চমকপ্রদ ছিল। নিজস্ব ১৪শ, ১৫শ ও ১৬শ বলে জিম্বাবুয়ের নিচেরসারির ব্যাটসম্যানকে বিদেয় করেন। এরফলে, ওডিআইয়ের ইতিহাসে তৃতীয় অভিষেক ঘটা খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন।

২০২০-২১ মৌসুমে ডিমুথ করুণারত্নে’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সাথে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২৬ ডিসেম্বর, ২০২০ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১৮ ও ৫০ রান সংগ্রহ করেন। এছাড়াও, ৪/১৭১ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, ফাফ ডু প্লিসি’র অসামান্য ব্যাটিং সাফল্যে স্বাগতিকরা ইনিংস ও ৪৫ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২১ সালে নিজ দেশে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ২১ এপ্রিল, ২০২১ তারিখে ক্যান্ডিতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৪৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/১১১ ও ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ডিমুথ করুণারত্নে’র অসাধারণ দ্বি-শতক সত্ত্বেও বৃষ্টিবিঘ্নিত ও মন্দালোকের কবলে পড়া খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

সম্পৃক্ত পোস্ট