|

তানুনুরা মাকোনি

২৮ নভেম্বর, ১৯৯৯ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৯-২০ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে র‌্যাঞ্জার্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, টাকাশিঙ্গা প্যাট্রিয়টস টুয়ের পক্ষে খেলেছেন। ১৮ ডিসেম্বর, ২০১৯ তারিখে হারারেতে অনুষ্ঠিত র‌্যাঞ্জার্স বনাম ঈগলসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৩ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২২-২৩ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। ব্রাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া ও তফাদজা টিসিগা’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৩৩ ও ৯ রান সংগ্রহ করতে পেরেছিলেন। তবে, গ্যারি ব্যালেন্সের অসাধারণ শতকের কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল।

একই সফরের ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ০ ও ১ রান সংগ্রহ করতে পেরেছিলেন। পাশাপাশি একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টে গুদাকেশ মোতি’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৪ রানের ব্যবধানে জয় পায়। এছাড়াও, ১-০ ব্যবধানে সিরিজ জয় করে।

সম্পৃক্ত পোস্ট