২৮ অক্টোবর, ১৯২৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের সুরাটে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
মাত্র ৮ বছর বয়সে ভারত থেকে নিউজিল্যান্ডে চলে আসেন। ১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৫-৬৬ মৌসুমে ঘরোয়া আসরে নর্দার্ন ডিস্ট্রিক্টসের সদস্যরূপে দারুণ খেলেন। এর স্বীকৃতিস্বরূপ কিউই দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।
১৯৬৬ সালে নিউজিল্যান্ডের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৯৬৫-৬৬ মৌসুমে নিজ দেশে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। সফররত ইংল্যান্ডের বিপক্ষে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রত্যেকটিতেই অংশগ্রহণ করেন। ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। গ্রাহাম বিল্বি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০/৫৪ ও ১/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, খেলায় একবার ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে তিনি ১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ৪ মার্চ, ১৯৬৬ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। ব্যাট হাতে নিয়ে ৩* ও ১৮* রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১১ মার্চ, ১৯৬৬ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যাট হাতে ৭ ও ২* রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৭০ ও ১/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
তবে, কোন টেস্টেই নিজেকে মেলে ধরতে পারেননি। এরপর, আর তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে দেখা যায়নি।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তাঁর সন্তানদ্বয় – অশোক ও কীর্তি পিতার পদাঙ্ক অনুসরণে নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে খেলেছে। ৭ জুন, ১৯৯৬ তারিখে ওয়াইকাটোর হ্যামিল্টনে ৬৬ বছর ২২৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
