২৯ এপ্রিল, ১৯৯৫ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি শীর্ষসারির বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
অনেক উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভীড়ে নিজেকে সেরা হিসেবে দলে অন্তর্ভুক্ত হবার সুযোগ পান। শীর্ষসারিতে ব্যাটিংয়ে নামেন। উইকেট-রক্ষণের পাশাপাশি বামহাতে ব্যাটিং করে থাকেন। ২০১৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় শ্রীলঙ্কা দলের সদস্যরূপে খেলোয়াড়ী জীবন শুরু করেন। কুরুনেগালার মালিয়াদিওয়া কলেজে অধ্যয়ন করেছেন।
২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কলম্বো ক্রিকেট ক্লাব ও সিংহলীজ স্পোর্ট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জাফনা স্ট্যালিওন্সের পক্ষে খেলেছেন। ২৩ জানুয়ারি, ২০১৫ তারিখে কাটুনায়েকে অনুষ্ঠিত সারাসেন্স স্পোর্টস ক্লাব বনাম সিংহলীজ স্পোর্টস ক্লাবের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।
২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টি২০আই সিরিজ খেলার উদ্দেশ্যে জাতীয় দলের সদস্য হিসেবে মনোনীত হন। তবে, এ পর্যায়ে কোন খেলায় অংশগ্রহণের সুযোগ লাভ করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর জন্যে আরও দুই বছর প্রতীক্ষার প্রহর গুণেন।
২০১৯ সাল থেকে শ্রীলঙ্কার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০১৯-২০ মৌসুমে দলের সাথে পাকিস্তান সফরে যান। এ সফরে শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের নিরাপত্তাজনিত অনুপস্থিতিতে খেলার সুযোগ পান। ২ অক্টোবর, ২০১৯ তারিখে করাচীতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। একই সফরের ৭ অক্টোবর, ২০১৯ তারিখে লাহোরে প্রথমবারের মতো টি২০আইয়ে অংশ নেন।
২০২০-২১ মৌসুমে ডিমুথ করুণারত্নে’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ৩ জানুয়ারি, ২০২১ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অসিত ফার্নান্দো’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৫ ও ১ রান সংগ্রহ করেন। তবে, ডিন এলগারের অসাধারণ ব্যাটিং সাফল্যে স্বাগতিকরা ১০ উইকেটে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
