২৭ জুলাই, ১৯১৫ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
অপ্রত্যাশিতভাবে রহস্যময় বোলিং করতেন। খেলোয়াড়ী জীবন সংক্ষিপ্ত হলেও বেশ সাড়া জাগিয়েছিলেন। নিউ সাউথ ওয়েলসের হিসাবরক্ষক ও আবাসন প্রতিনিধি হেনরি উইলিয়াম আইভারসন এবং ভিক্টোরীয় বংশোদ্ভূত এডিথ জয়েস দম্পতির দ্বিতীয় সন্তান ছিলেন। জিলং কলেজে অধ্যয়ন করেন। সেখানেই দ্বিতীয় একাদশের ফাস্ট বোলার ছিলেন। বিদ্যালয় থেকে চলে আসার পর গল্ফের দিকে ঝুঁকে পড়েন। ১৯৩৬ সালে ম্যালডন ক্লাব চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করেন। এরপর, মেলবোর্নভিত্তিক স্বীয় পিতার পরিচালনায় আবাসন শিল্প সংস্থায় কাজ করেন।
৩০ মে, ১৯৪০ তারিখে অস্ট্রেলিয়ান ইম্পেরিয়াল ফোর্সে তালিকাভূক্ত হন। ১৯৪১ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য ও ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত নিউগিনিতে কাজ করেন। জানুয়ারি, ১৯৪২ সাল থেকে ২য়/৪র্থ লাইট এন্টি-এয়ারক্রাফ্ট রেজিমেন্টে যুক্ত থাকেন। ৫ সেপ্টেম্বর, ১৯৪৫ তারিখে অবমুক্তির পূর্ব-পর্যন্ত ল্যান্স সার্জেন্ট পদবীধারী ছিলেন।
৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) উচ্চতা ও ১৫ স্টোন (৯৫ কেজি) ওজনের অধিকারী ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৫৩-৫৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩৫ বছর বয়সে এসে ১ ডিসেম্বর, ১৯৫০ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে বোলিং না করলেও দ্বিতীয় ইনিংসে ৪/৪৩ পেয়েছিলেন। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। সফরকারীরা ৭০ রানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের মেলবোর্নের দ্বিতীয় টেস্টে ৭৩ রান খরচায় ছয় উইকেট পান। এরপর, ৫ জানুয়ারি, ১৯৫১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/২৫ ও ৬/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তন্মধ্যে, দ্বিতীয় ইনিংসে কোন রান খরচ না করেই স্যার লিওনার্ড হাটন ও আর. টি. সিম্পসনের উইকেট দখল করেন। ব্যক্তিগত সেরা বোলিং করেন। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ১৩ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ২ ফেব্রুয়ারি, ১৯৫১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। পাশাপাশি, বল হাতে নিয়ে ৩/৬৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করালেও আঘাতের কবলে পড়লে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। স্বাগতিকরা ২৭৪ রানে জয় পেলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ২৩ ফেব্রুয়ারি, ১৯৫১ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৫২ ও ০/৩২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, ব্যাটিংয়ে নেমে উভয় ইনিংসে শূন্য রানে বিদেয় নেন। সফরকারীরা ৮ উইকেটে জয় পেলেও ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
পুরো সিরিজে ১৫.২৪ গড়ে ২১ উইকেট দখল করেন। ওভারপ্রতি ১.৭৩ রান খরচ করেছিলেন। ঐ সিরিজে স্বাগতিক দল ৪-১ ব্যবধানে জয়লাভ করে।
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর বেতারে ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হন। এরপর, পারিবারিক আবাসন শিল্পের সাথে যুক্ত হন। ১৯৭২ সালে ব্যবসাটি বিক্রি করে দেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ডরোথি জিন ডি ট্রাসি নাম্নী এক টাইপিস্টের সাথে টুরাকের সেন্ট জন্স অ্যাংলিকান চার্চে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এ দম্পতির দুই কন্যা ছিল। ২৪ অক্টোবর, ১৯৭৩ তারিখে ভিক্টোরিয়ার ব্রাইটনে নিজ গৃহে ৫৮ বছর ৮৯ দিন বয়সে গুলিতে আত্মহত্যা করেন।
