৩ মে, ১৮৭৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের ইয়ং এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯০০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
বেশ শান্ত ও ভদ্র মেজাজের অধিকারী ছিলেন। ১৮৯৬-৯৭ মৌসুম থেকে ১৯১৪-১৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়কালে নিউ সাউথ ওয়েলসের প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন।
১৮৯৬-৯৭ মৌসুমে ব্রিসবেনে কুইন্সল্যান্ডের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। দশ রান সংগ্রহ করেছিলেন। কালে-ভদ্রে অনুষ্ঠিত খেলাগুলোয় এনএসডব্লিউতে স্বীয় স্থান ধরে রেখেছিলেন। দুই মৌসুম বাদে এমসিজিতে ভিক্টোরিয়া বিপক্ষে খেলে ১৫ ওভারের মধ্যে ২/১৯ ও ৫/২৪ পেয়েছিলেন। ব্যাটিং উদ্বোধনের সুযোগ পেয়ে লেগ-স্পিনার টম ওয়ার্নের লেগ-স্পিন ও গুগলি মোকাবেলায় ১১৭ রানের ইনিংস খেলেছিলেন। খুব শীঘ্রই টেস্ট দলে খেলার সুযোগ দেয়া হয়। শেফিল্ড শীল্ডে ৩০.৬৫ গড়ে ১৫৯৪ রান ও ২২.৫৭ গড়ে ৯৬ উইকেট পেয়েছিলেন।
১৯০২ থেকে ১৯০৯ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ২০ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯০১-০২ মৌসুমে নিজ দেশে আর্চি ম্যাকলারিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৪ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে সিডনির এসসিজিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। জ্যাক সন্ডার্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৪৩ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ২৮ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪ ও ২ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ৩২৩ রানে পরাজিত হলে ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯০২ সালে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১১ আগস্ট, ১৯০২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৪০ ও ৩ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে বিল লকউডের শিকারে পরিণত হন। সফরকারীরা ১ উইকেটে পরাজিত হলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৯০২-০৩ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১১ অক্টোবর, ১৯০২ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সিজেই স্মিথকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ২/১৮। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৫৯ ও ০/১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১ ও ৩০ রান সংগ্রহ করে উভয় ইনিংসে চার্লি লিউইলিনের শিকারে পরিণত হন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
ব্রামল লেন টেস্টে অনবদ্য ভূমিকা রাখেন। ভেজা পিচে ২৭ ও অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেছিলেন। তবে, বোলিংয়ের জন্যে তাঁকে ডাকা হয়নি। কিন্তু ঐ সিরিজের শুরুতে লর্ডসে কোন রান সংগ্রহ ছাড়াই সিবি ফ্রাই ও কেএস রণজিৎসিংজীকে বিদেয় করেছিলেন। এ সময়ে ইংল্যান্ড দলের সংগ্রহ ছিল ০/২। এরপর অবশ্য ঐ সিরিজে তিনি আর কোন উইকেট পাননি।
১৯০৫ সালে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৩ জুলাই, ১৯০৫ তারিখে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩৬ ও ১৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯০৯ সালে মন্টি নোবেলের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৯ আগস্ট, ১৯০৯ তারিখে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৫১ ও ০/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে ১৬.৪১ গড়ে ৫০৯ রান ও ২৬.৭৬ গড়ে ২৬ উইকেটের সন্ধান পান। টেস্টগুলোয় নিয়মিতভাবে বোলিং করার সুযোগ পাননি। সর্বোচ্চ স্তরের ক্রিকেটে ব্যাটিংয়ে তেমন ভালো না খেললেও মাঝে-মধ্যে জ্বলে উঠতেন।
সব মিলিয়ে ১৬২টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২৫.৪০ গড়ে আট শতক সহযোগে ৫৫৬৩ রান ও ২৪.৩৯ গড়ে ২৭১ উইকেট দখল করেছিলেন। ১০বার পাঁচ-উইকেট পেয়েছিলেন।
২৫ এপ্রিল, ১৯৩১ তারিখে নিউ সাউথ ওয়েলসের নর্থ সিডনি এলাকায় ৫৬ বছর ৩৫৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
