|

কামরান গুলাম

১০ অক্টোবর, ১৯৯৫ তারিখে খাইবার পাখতুনখোয়া প্রদেশের আপার ডির এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে অ্যাবোটাবাদের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, অ্যাবোটাবাদ ফ্যালকন্স, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন।

২০২৩ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। ১৩ জানুয়ারি, ২০২৩ তারিখে করাচীতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআই খেলেন।

৭ আগস্ট, ২০২৪ তারিখে মুহাম্মদ হুরাইরামোহাম্মদ আলী’র সাথে তাঁকেও বাংলাদেশের বিপক্ষে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে অংশ নিতে ১৭-সদস্যের পাকিস্তানী দলে যুক্ত করা হয়। ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত সাফল্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে পাকিস্তান শাহীনের পক্ষে দূর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ তাঁরা এ সুযোগ পান।

১৪ অক্টোবর, ২০২৪ তারিখে সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টকে ঘিরে তাঁকে দলে যুক্ত করা হয়। তিনি ছন্দহীনতার কবলে পড়া বাবর আজমের স্থলাভিষিক্ত হন। ২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৫ অক্টোবর, ২০২৪ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১১৮ রানের শতক হাঁকিয়ে টেস্ট অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ২৬ রান সংগ্রহ করেছিলেন। সাজেদ খানের অসাধারণ বোলিংয়ের কল্যাণে স্বাগতিকরা ১৫২ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা আনয়ণে সক্ষম হয়।

একই মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫৪ ও ৪ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ২ উইকেটে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে একই মাঠে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৬ ও ১৯ রান সংগ্রহ করেছিলেন। তবে, জোমেল ওয়ারিকানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ১২০ রানে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়।

সম্পৃক্ত পোস্ট