২ আগস্ট, ১৯২৮ তারিখে ল্যাঙ্কাশায়ারের চাডার্টন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। বিংশ শতাব্দীর পর থেকে ল্যাঙ্কাশায়ারের সেরা ধীরগতিসম্পন্ন বামহাতি বোলারের মর্যাদা পেয়েছেন।
১৯ বছর বয়সে মে, ১৯৪৮ সালে বিখ্যাত ক্রিকেট তারকা ডন ব্র্যাডম্যানকে দুইবার বিদেয় করে জাতীয় পর্যায়ে দারুণ সুনাম কুড়ান। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ঐ খেলাটি তাঁর নিজস্ব তৃতীয় প্রথম-শ্রেণীর খেলা ছিল। প্রথম ইনিংসে ১৪ রানে ও দ্বিতীয় ইনিংসে উপর্যুপরী তিন বলে মার খাবার পর স্ট্যাম্পিংয়ে বিদেয় করেছিলেন। লিকলিকে গড়নের ও ঝরঝরে চুলের অধিকারী ম্যালকম হিল্টন ক্ষীপ্রগতিতে বামহাতে স্পিন বোলিং করতেন। পেসে বৈচিত্র্যতা আনয়ণের চেয়ে বল বাঁকাতেই অধিক সিদ্ধহস্তের অধিকারী ছিলেন ও অপ্রস্তুত পিচে তাঁর বোলিং বেশ কার্যকর ছিল। ১৬.৭৯ গড়ে ১৩৫ উইকেট দখল করেন। ফলশ্রুতিতে, ইংল্যান্ডের টেস্ট দলে তাঁর ঠাঁই হয়।
১৯৫০ সালে ইংল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ আগস্ট, ১৯৫০ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। আর্থার ম্যাকইন্টায়ার ও ডেভিড শেফার্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪১ ওভার বোলিং করেও কোন উইকেটের সন্ধান পাননি। এছাড়াও, খেলায় তিনি ৩ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তবে, আল্ফ ভ্যালেন্টাইনের অসাধারণ বোলিং সাফল্যে সফরকারীরা ইনিংস ও ৫৬ রানে জয় পেলে ৩-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৫১ সালে নিজ দেশে ডাডলি নোর্সের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৬ জুলাই, ১৯৫১ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/১৭৬ ও ০/১৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯* রান সংগ্রহ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকে।
১৯৫১-৫২ মৌসুমে নাইজেল হাওয়ার্ডের নেতৃত্বাধীন দ্বিতীয়সারির এমসিসি দলের সদস্যরূপে ভারত গমন করেন। এ সফরে ল্যাঙ্কাশায়ারের সতীর্থ রয় ট্যাটারসলের সাথে বোলিং উদ্বোধনে নেমে অপ্রত্যাশিত অভিজ্ঞতা লাভের অধিকারী হন। ১২ জানুয়ারি, ১৯৫২ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৪/৩২ ও ৫/৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১০ রান সংগ্রহ করেছিলেন। ৮ উইকেটে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ৬ ফেব্রুয়ারি, ১৯৫২ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। প্রতিপক্ষীয় অধিনায়ক বিজয় হাজারে ও দাত্তু ফাড়করের উইকেট পেলেও ঐ টেস্টে স্বাগতিকরা প্রথমবারের মতো টেস্ট জয়ের সন্ধান পায়। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/১০০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাটিংয়ে নেমে ০ ও ১৫ রান সংগ্রহ করে উভয় ইনিংসে বিনু মানকড়ের বলে বিদেয় নিয়েছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৮ রানে জয় পেলে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করতে সমর্থ হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ১৭ গড়ে ১১ উইকেট পেলেও আর ইংল্যান্ডের পক্ষে খেলার সুযোগ পাননি। ১৯৫৬ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৪-এর কম গড়ে ১৫৮ উইকেট দখল করেন। ওয়েস্টন-সুপার-মেয়ারে সমারসেটের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৮/৩৯ পান ও খেলায় ৮৮ রান খরচায় ১৪ উইকেট পান। ল্যাঙ্কাশায়ারের পক্ষে ১৮.৮০ গড়ে সর্বমোট ৯২৬ উইকেট পেয়েছেন।
এছাড়াও, অসাধারণ ফিল্ডার ছিলেন। একবার নর্দাম্পটনে নয় নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নেমে শতক হাঁকিয়েছিলেন। ১৯৫৭ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। খেলোয়াড়ী জীবনের শেষ দুই বছর দ্বিতীয় একাদশের অধিনায়কের দায়িত্বে ছিলেন। ৩৩ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
উপস্থিত বুদ্ধি কাজে লাগাতেন ও সদা হাস্যোজ্জ্বল থাকতেন। ৮ জুলাই, ১৯৯০ তারিখে ল্যাঙ্কাশায়ারের ওল্ডহাম এলাকায় ৬১ বছর ৩৪০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
