১১ অক্টোবর, ১৯৪৩ তারিখে বার্বাডোসের ক্যাসল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে দক্ষ ছিলেন। ১৯৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
‘স্টিংরে’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের অবিসংবাদিত তারকা ক্রিকেটার ছিলেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে লেগ-স্পিনার ছিলেন। সেম্যুর নার্স, চার্লি গ্রিফিথ ও এভারটন উইকসের সাথে একত্রে খেলতেন। ১৯৬৪-৬৫ মৌসুম থেকে ১৯৭৭ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন।
ফেব্রুয়ারি, ১৯৬৫ সালে ইন্টাকন্টিনেন্টাল ক্যাভালিয়ার্সের বিপক্ষে অল-রাউন্ডার হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম খেলেন। ঐ খেলায় দুই উইকেট দখল করেন এবং রয় মার্শাল, ট্রেভর বেইলি ও জিম লেকারের ন্যায় বোলারদের রুখে দিয়ে দ্রুতলয়ে ৫৫ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দেন।
১৯৬৬ সালে এসেক্সে যোগ দেন ও ১৯৭৭ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলেন। ১১ জুন, ১৯৬৬ তারিখে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে প্রথম-শ্রেণীর প্রীতি খেলায় অংশ নেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে এসেক্সের পক্ষে ২১১টি খেলায় অংশ নিয়ে ৬৮৪৮ রানসহ ৬৬২ উইকেট দখল করেছিলেন। ১৯৬৯ সালে হ্যাম্পশায়ারের বিপক্ষে অপরাজিত ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন। ১৯৭৩ সালে লিচেস্টারশায়ারের বিপক্ষে ৯/৬১ পান। পাশাপাশি, ২১৫টি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ইংল্যান্ডে ১২ মৌসুম অতিবাহিত করেছেন। ১৯৭১ সালে ওল্ড ট্রাফোর্ডে তারকাসমৃদ্ধ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৭.৪ ওভার বোলিং করে ৮/২৬ লাভ করেন। ঐ মৌসুমে সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন ও ৮২ উইকেট দখল করেছিলেন। এর স্বীকৃতিস্বরূপ ক্রিকেট সোসাইটি কর্তৃক ইংরেজ প্রথম-শ্রেণীর ক্রিকেটে শীর্ষ অল-রাউন্ডারের ওয়েদারল পুরস্কার লাভ করেন।
১৯৭১ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ২১ টেস্ট ও আটটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। ১৯৭০-৭১ মৌসুমে নিজ দেশে অজিত ওয়াড়েকরের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ১৯ মার্চ, ১৯৭১ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ডেসমন্ড লুইসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৪৭ ও ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৯ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৭২-৭৩ মৌসুমে নিজ দেশে ইয়ান চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২১ এপ্রিল, ১৯৭৩ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৩১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৭৩ ও ১৯৭৫ সালে মোট দুইবার ইংল্যান্ড গমন করেন। তন্মধ্যে, ১৯৭৩ সালে তিন টেস্ট থকে ১৫ গড়ে ১৯ উইকেট পেয়েছিলেন। ওভালে সিরিজের প্রথম টেস্টে অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। ১৪৭ রান খরচায় ১১ উইকেট নিয়ে তৎকালীন সময়ে ইংল্যান্ডের বিপক্ষে যে-কোন ওয়েস্ট ইন্ডিয়ান বোলারের সেরা সাফল্য লাভের সাথে নিজেকে যুক্ত করেন। এছাড়াও, নয় নম্বর অবস্থানে নেমে ৭২ রান তুলেন। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে আবারও নিজেকে মেলে ধরতে সচেষ্ট হন। খেলায় তিনি ৯৯ রান খরচায় ৮ উইকেট দখল করেন।
১৯৭৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রুডেন্সিয়াল বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী আসরে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলেন। ২১ জুন, ১৯৭৫ তারিখে লর্ডসে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুতলয়ে ৩৪ রান তুলে দলের জয়ের পথ সুগম করেন।
১৯৭৫-৭৬ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ৩ জানুয়ারি, ১৯৭৬ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৭৫ ও ১/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ১৬ ও ০ রান সংগ্রহ করেছিলেন। প্রতিপক্ষীয় দলনেতা গ্রেগ চ্যাপেলের অনবদ্য ব্যাটিং কৃতিত্বে সফরকারীরা ৭ উইকেটে পরাভূত হলে ছয়-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ৩১ জানুয়ারি, ১৯৭৬ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের ষষ্ঠ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ০ ও ১১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৭৫ ও ২/৭৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ১৬৫ রানে জয় পেলে ৫-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
ক্রমাগত হাঁটুর সমস্যার কারণে ৩৪ বছর বয়সে ১৯৭৭ সালে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেছিলেন। ঐ বছর চেমসফোর্ডে আর্থিক সুবিধে গ্রহণের খেলার জন্যে মনোনীত হন ও বিদায়বরণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর তিনি বার্বাডোসে ফিরে যান ও ব্যক্তিগত সমস্যায় জর্জড়িত হন।
১৯৭৪ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় ভূষিত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। দুইবার পরিণয়সূত্রে আবদ্ধ হন। দুই কন্যার জনক ছিলেন। ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে যাত্রাপথে হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে ১১ অক্টোবর, ১৯৯৬ তারিখে ৫৩তম জন্মদিনে বার্বাডোসের ব্রিজটাউনে তাঁর দেহাবসান ঘটে।
