২৫ ডিসেম্বর, ১৯৯৫ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করে থাকেন। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশগ্রহণ করেছেন।
চার্চিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ঈগলসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের পক্ষে খেলেছেন। ৯ ডিসেম্বর, ২০১৩ তারিখে হারারেতে অনুষ্ঠিত রাইনোজ বনাম ঈগলসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০১৪ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রতিযোগিতায় উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে জিম্বাবুয়ের পক্ষে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন। পাঁচ ইনিংস থেকে ১১০ রান সংগ্রহসহ চারটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। তবে, জিম্বাবুয়ের জ্যেষ্ঠ দলে অংশগ্রহণের জন্যে তাঁকে আরও নয় বছর অপেক্ষার প্রহর গুণতে হয়। ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে অংশ নিতে জিম্বাবুয়ের জ্যেষ্ঠ দলের সদস্য হন। ঐ প্রতিযোগিতায় তাঁর ওডিআই অভিষেক পর্ব সম্পন্ন হয়। নিজস্ব চতুর্থ ওডিআইয়ে প্রথমবারের মতো অর্ধ-শতক হাঁকান। ১০৩ বল মোকাবেলায় ৭৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ের ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪০৮/৬ রানের সাথে নিজেকে যুক্ত রাখেন।
১৮ বছর বয়সে ডিসেম্বর, ২০১৩ সালে ম্যাশোনাল্যান্ড ঈগলসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নেন। এর দুইদিন পূর্বে লিস্ট-এ ক্রিকেটে প্রথমবারের মতো খেলেন। তিনমাস পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। এ পর্যায়ে জ্যেষ্ঠদের দলে তাঁর অংশগ্রহণ সময়ের ব্যাপার ছিল। তবে, জিম্বাবুয়ে দলে তাঁকে ডাকা হয়নি।
বছরের পর বছর খেলার পর অবশেষে জুলাই, ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে একমাত্র-টেস্টে অংশ নেয়ার জন্যে আমন্ত্রণ বার্তা জানানো হয়। তবে, খেলার সুযোগ পাননি। অবশ্য, মে, ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে তিন-খেলার টি২০আই সিরিজে অংশ নেন।
২০২৪ সালে ক্রেগ আরভিনের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলের সদস্যরূপে আয়ারল্যান্ড গমন করেন। ২৫ জুলাই, ২০২৪ তারিখে বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ক্লাইভ মাদান্দে ও মারে বেনেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৪৯ ও ২৪ রান সংগ্রহ করেন। প্রতিপক্ষীয় অধিনায়ক অ্যান্ডি ম্যাকব্রায়ানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৪ উইকেটে জয়লাভ করে।
টেস্ট অভিষেকের পূর্বেই অবশ্য ২৮ জুন, ২০২৩ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত নেপালের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।
২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৯ ও ২৪ রান সংগ্রহ করেন। তবে, প্রতিপক্ষীয় অধিনায়কের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
