২৩ জুলাই, ১৯৭২ তারিখে বার্বাডোসের পারিশ ল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি মাঝে-মধ্যে উইকেট-রক্ষণ কর্মে অগ্রসর হতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
ডেসমন্ড হেইন্স ও ম্যালকম মার্শালের ছত্রচ্ছায়ায় থেকে নিজেকে গড়ে তুলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে কম্বাইন্ড ক্যাম্পাসেস ও কলেজেস এবং বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯১-৯২ মৌসুম থেকে ২০১৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ১৯৯২ সালে পোর্ট অব স্পেনে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ছয়টিমাত্র টেস্ট, আটটিমাত্র ওডিআই ও একটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ১৯৯৭ সালে নিজ দেশে অর্জুনা রানাতুঙ্গা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ৬ জুন, ১৯৯৭ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।
একই সফরের ১৩ জুন, ১৯৯৭ তারিখে সেন্ট জোন্সে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, খেলায় তেমন প্রভাব ফেলতে ব্যর্থ হন। এক পর্যায়ে দল থেকে বাদ পড়েন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২৯ ও ১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। কার্টলি অ্যামব্রোসের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ৬ উইকেটে পরাভূত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
সর্বশেষ টেস্ট খেলার আট বছর পর পুণরায় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন। এ পর্যায়ে তিনি মাত্র ৭.৮৮ গড়ে রান তুলেছিলেন। ২০০৯ সালে কিংসটাউনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে পুরো দল খেলতে অস্বীকৃতি জানালে তিনিই দলকে নেতৃত্ব দেয়ার জন্যে উপযোগী ছিলেন। দুই টেস্টে দল পরাজিত হলেও নিজের গড়কে ৯.২৫ করতে সক্ষম হন। ঐ বছর নিজ দেশে মাশরাফি মর্তুজা’র নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৫ ও ১৯ রান সংগ্রহ করে উভয় ইনিংসে মাহমুদুল্লাহ’র শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তামিম ইকবালের অসাধারণ ব্যাটিং কৃতিত্বে স্বাগতিকরা ৯৫ রানে পরাজয়বরণ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ১৭ জুলাই, ২০০৯ তারিখে সেন্ট জর্জেসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ১ ও ৩ রান সংগ্রহ করে উভয় ইনিংসে মাহমুদুল্লাহ’র বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। প্রতিপক্ষীয় অধিনায়কের দায়িত্বে থাকা সাকিব আল হাসানের অনবদ্য অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৪ উইকেটে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতার পরপরই দলের জ্যেষ্ঠ খেলোয়াড় ও ডব্লিউআইসিবি’র মধ্যকার সমঝোতা হলে আবারও দল থেকে বাদ পড়েন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পরিচালনায় তৃতীয় স্তরের কোচ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতাধর্মী ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণকালীন কম্বাইন্ড ক্যাম্পাসেস এন্ড কলেজেস দলের খেলোয়াড়-কোচের যৌথ দায়িত্বে ছিলেন।
২০২২ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে ১৫ জানুয়ারি, ২০২১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে তাঁকে মনোনীত করা হয়। এর পূর্বে ইউডব্লিউআই ব্ল্যাকবার্ডস, ওয়েস্ট ইন্ডিজ এমার্জিং প্লেয়ার্স ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়াও, সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের ব্যাটিং কোচ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে জ্যামাইকা তল্লাজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
