১৩ আগস্ট, ২০০৪ তারিখে নটিংহামে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলিংয়ের উপর অধিক গুরুত্বারোপ করে থাকেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন।
তাঁর পিতা নাদিম পাকিস্তানে বসবাস করতেন। যুক্তরাজ্যে অভিবাসিত হন ও ট্যাক্সি চালক হিসেবে জীবনধারন করতেন। ব্লুকোট অ্যাস্প্লে একাডেমিতে পড়াশুনো করেছেন। অপর দুই ভ্রাতা রহিম ও ফারহান ক্রিকেট খেলায় দক্ষ। দ্বাদশ জন্মদিনের পূর্বেই লর্ডসে পাকিস্তানে বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট শুরুর পূর্বে অনুশীলনীতে বোলিং করেছিলেন। পরের গ্রীষ্মে একই দায়িত্ব পালনকালে শেন ওয়ার্ন তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করেছিলেন যে, ১৫ বছর বয়সেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পাবেন। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ইংল্যান্ডের পক্ষে খেলে বেশ সাড়া জাগান। পেশাদারী পর্যায়ে খেলায় অংশ নেয়ার পূর্বেই দ্য হান্ড্রেডের খসড়া তালিকায় সাউদার্ন ব্রেভ £৫০,০০০ পাউন্ড-স্টার্লিংয়ে তাঁকে দলভূক্ত করে। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে ইংল্যান্ড লায়ন্সের সাথে যুক্ত হন।
২০২২ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইংল্যান্ড লায়ন্স ও সাউদার্ন ব্রেজ দলের পক্ষে খেলেছেন। ১৯ মে, ২০২২ তারিখে ওরচেস্টারে অনুষ্ঠিত লিচেস্টারশায়ার বনাম ওরচেস্টারশায়ারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে তাঁর প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটে। প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজস্ব শতক হাঁকান। চ্যাম্পিয়নশীপে মৌসুমের তৃতীয় ও শেষ খেলায় প্রথমবারের মতো পাঁচ-উইকেট পান। এরফলে, মাত্র তিনটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নেয়ার পরপরই তাঁকে ইংল্যান্ড দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়।
২০২২ সাল থেকে ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২২-২৩ মৌসুমে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের সাথে পাকিস্তান সফরে যান। ১৭ ডিসেম্বর, ২০২২ তারিখে করাচীতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, ১৮ বছর ১৩৭ দিন বয়সে টেস্টে অংশ নিয়ে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন ও ১৯৪৯ সালে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অংশ নেয়া ব্রায়ান ক্লোজের ১৮ বছর ১৪৯ দিন বয়সের রেকর্ড ম্লান হয়ে যায়। দলের ৭১০ নম্বর খেলোয়াড় হিসেবে যুক্ত হন। নাসের হুসাইন তাঁকে ক্যাপ প্রদান করেন। অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখতে তৎপরতা দেখান। দ্বিতীয় ইনিংসে পাঁচ-উইকেট লাভের কৃতিত্বের অধিকারী হন। এছাড়াও, প্রথম ইনিংসে ২/৮৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, হ্যারি ব্রুকের অসামান্য ব্যাটিংশৈলীতে সফরকারীরা ৮ উইকেটে জয় তুলে নেয় ও ৩-০ ব্যবধানে সিরিজ বিজয়ী হয়।
২০২৪-২৫ মৌসুমে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে পাকিস্তান গমন করেন। ২৪ অক্টোবর, ২০২৪ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। বল হাতে নিয়ে ৪/৬৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাটিংয়ে ৯ ও ৭ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে সাজিদ খানের বলে বিদেয় নিয়েছিলেন। তবে, সৌদ শাকিলের অসাধারণ শতকের কল্যাণে সফরকারীরা ৮ উইকেটে পরাজিত হলে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
