জুলাই, ১৯০০ তারিখে ইয়র্কশায়ারের নিউ পার্ক এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত পেশাদার ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটিং কর্মে দক্ষ ছিলেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতে পারতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
ব্যাটিংয়ে শক্তিমত্তা প্রদর্শন ও কার্যকরীভাব বজায় রাখতে সচেষ্ট ছিলেন। তাঁর খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ই আন্তঃবিশ্বযুদ্ধকালীন পাড় করেছেন। এ সময়ে তিনি ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হয়েছিলেন। দ্রুততার সাথে পদসঞ্চালন ঘটাতেন। দলের সঙ্কটকালীন রক্ষণাত্মক ও প্রয়োজনে আক্রমণাত্মক – উভয় ধাঁচের খেলায় পারদর্শীতা দেখিয়েছেন। সাধারণতঃ আগ্রাসী ভঙ্গীমায় খেলতেই অধিক পছন্দ করতেন ও দৃষ্টিনন্দন ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। এক্সটা-কভার অঞ্চলে ড্রাইভ খেলতেন ও বোলারদের মাথার উপর দিয়ে বলকে ফেলতেন। ফিল্ডার হিসেবেও যথেষ্ট উঁচুমানের ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখতেন। সীমানা বরাবর অবস্থান করে বলকে ক্ষীপ্রতার সাথে সময় নষ্ট না করে ফেরৎ পাঠাতেন। এছাড়াও, যে-কোন অবস্থানে দণ্ডায়মান থাকার উপযোগী করেছিলেন।
বালক অবস্থায় ১৯১৪ সালের শুরুতে ল্যাঙ্কাশায়ার লীগে মুরসাইডের পক্ষে খেলে কিছু অভিজ্ঞতাপুষ্ট হন। ১৯১৮ থেকে ১৯২০ সময়কালে হ্যারোগেট ক্লাবের পক্ষে পেশাদারী পর্যায়ে খেলেন। এরফলে, ইয়র্কশায়ার কাউন্সিলের খেলায় অংশগ্রহণ করেছিলেন। এ পর্যায়ে ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশে খেলতে থাকেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, পাতিয়ালার মহারাজা একাদশের পক্ষে খেলেছেন। ১৯২০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন অতিবাহিত করেছেন। ১৯২২ সালে কাউন্টি ক্যাপ লাভ করেন। এরপর থেকে দ্রুতলয়ে তাঁর উত্থান ঘটে। শেষ গ্রীষ্মে ৫৪ গড়ে প্রায় ১৮০০ রান তুলেন। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪৭ রানের ইনিংস খেলেন। ইয়র্কশায়ারের প্রধান ব্যাটসম্যানদের অন্যতম হিসেবে পরিগণিত হয়েছিলেন। খুব সম্ভবতঃ ইয়র্কশায়ারের সেরা বামহাতি ব্যাটসম্যান ছিলেন। মাঝারিসারিতে ব্যাটিংয়ে নেমে ছাব্বিশ হাজারের অধিক রান সংগ্রহ করেছেন।
১৯২৮ থেকে ১৯৩৮ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সব মিলিয়ে ৪১ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯২৮ সালে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে আসা কার্ল নুনেসের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১১ আগস্ট, ১৯২৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। তবে, শুরুটা মোটেই সুবিধের হয়নি। হারম্যান গ্রিফিথের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, খেলায় তিনি ১/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ৭১ রানে জয় পেয়ে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯২৮-২৯ মৌসুমে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৮ মার্চ, ১৯২৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১৩৭ ও ৫৩* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৫ উইকেটে জয় পেলেও ৪-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯২৯ সালে নিজ দেশে নামি ডিনের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৯ জুন, ১৯২৯ তারিখে লন্ডনের লর্ডসে সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ৭৩ ও ১০২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হয় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২৭ জুলাই, ১৯২৯ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৩২ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৩০-৩১ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে পার্সি চ্যাপম্যানের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৪ ডিসেম্বর, ১৯৩০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৯ ও ১৫ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ২৮ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এছাড়াও, ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ১৯৩২-৩৩ মৌসুমে অরন্টেস জাহাজে চড়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যান। ২ ডিসেম্বর, ১৯৩২ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। মোটেই সুবিধে করতে পারেননি। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে টিম ওয়ালের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, স্বাগতিক দল ১০ উইকেটে শোচনীয়ভাবে পরাস্ত হয়।
১৯৩৪ সালে নিজ দেশে বিল উডফুলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৯৩৪ সালে নিজ দেশে বিল উডফুলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২০ জুলাই, ১৯৩৪ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১৬ ও ৪৯* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ১৮ আগস্ট, ১৯৩৪ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১১০ ও ১৭ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রেই ক্ল্যারি গ্রিমেটের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ৫৬২ রানের বিশাল ব্যবধানে জয় পেলে ২-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৩৪-৩৫ মৌসুমে বব ওয়াটের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্ট খেলেন। খেলায় তিনি ৩ ও ২ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ম্যানি মার্টিনডেলের শিকারে পরিণত হন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৪ উইকেটে জয় পেলে সফরকারীরা চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৩৫ সালে নিজ দেশে হার্বি ওয়েডের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৭ জুলাই, ১৯৩৫ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ৫৩ ও ৩৭ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১৭ আগস্ট, ১৯৩৫ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। কয়েকবার ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম ইনিংসে ১১১ রানে পৌঁছানোকালে টেস্টে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। এ পর্যায়ে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১৫৩ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ১৬১ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৩৬ সালে নিজ দেশে বিজিয়ানাগ্রামের মহারাজের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৭ জুন, ১৯৩৬ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ৬০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টে ইংল্যান্ড দল ৯ উইকেটে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১৫ আগস্ট, ১৯৩৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ২৬ রান তুলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫ ও ০/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৯ উইকেটে পরাভূত হলে সফরকারীরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৩৬-৩৭ মৌসুমে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৪ ডিসেম্বর, ১৯৩৬ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শনে অগ্রসর হন। খেলায় তিনি ১২৬ ও ৩৩ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। উভয় ক্ষেত্রেই ফ্রাঙ্ক ওয়ার্ডের শিকারে পরিণত হয়েছিলেন। ঐ টেস্টে সফরকারীরা ৩২২ রানের ব্যবধানে বিশাল জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১ জানুয়ারি, ১৯৩৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৭ ও ১১১* রান সংগ্রহ করেন। ঐ খেলায় তাঁর দল ৩৬৫ রানে পরাজয়বরণ করলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।
এরপর, ২৯ জানুয়ারি, ১৯৩৭ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ঐ টেস্টে তিনি ৩৫ ও ৩২ রান সংগ্রহ করে উভয় ইনিংসেই চাক ফ্লিটউড-স্মিথের শিকারে পরিণত হয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলায় অস্ট্রেলিয়া দল ১৪৮ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনতে সমর্থ হয়।
১৯৩৮ সালে নিজ দেশে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২০ আগস্ট, ১৯৩৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় অংশ নেন। দলের একমাত্র ইনিংসে ১৮৭ রান সংগ্রহসহ খেলায় একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এ পর্যায়ে দ্বিতীয় উইকেটে লেন হাটনের (৩৬৪) সাথে ৩৮২ রানের জুটি গড়েন। পাশাপাশি, বল হাতে নিয়ে ১/১১ ও ০/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৫৭৯ রানে জয়লাভ করলে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
সমগ্র টেস্ট খেলোয়াড়ী জীবনে নয় শতক সহযোগে ৪৬.০৬ গড়ে ২৭৬৪ রান সংগ্রহ করেছিলেন। টেস্ট অভিষেকে সুবিধে করতে না পারলেও কাউন্টি ক্রিকেটে অজস্র রানের ফুলঝুড়ি ছোটানোর স্বীকৃতিস্বরূপ ১৯২৮ সালের বসন্তকালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।
১ জানুয়ারি, ১৯৬৭ তারিখে ইয়র্কশায়ারের স্কটন ব্যাংকস এলাকায় ৬৬ বছর ১৬৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
