৮ ডিসেম্বর, ১৯১৭ তারিখে ভিক্টোরিয়ার নর্থ মেলবোর্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও সাংবাদিক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা পালন করেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষণ কর্মে অগ্রসর হতেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
১৯৩৫-৩৬ মৌসুম থেকে ১৯৫৬-৫৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৫-৩৬ মৌসুমে ভিক্টোরিয়ার পক্ষে প্রথম খেলেন। তবে, ১৯৪০-৪১ মৌসুমের পূর্ব পর্যন্ত দলে নিয়মিতভাবে খেলার সুযোগ পাননি। দূর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাঁর খেলোয়াড়ী জীবনে ছেদ ঘটে। যুদ্ধকালীন অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সে যোগ দেন।
যুদ্ধ শেষ হবার পর শেফিল্ড শীল্ডে কয়েকটি খেলায় দারুণ খেলেন। এরফলে, দল নির্বাচকমণ্ডলীর নজর কাড়েন ও আকস্মিকভাবে টেস্ট দলে ঠাঁই পান।
১৯৪৬ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ৪৫ টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯৪৫-৪৬ মৌসুমে বিল ব্রাউনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। কিউইদের বিপক্ষে টেস্টের ইতিহাসে এটিই অস্ট্রেলিয়ার উদ্বোধনী খেলা ছিল। ২৯ মার্চ, ১৯৪৬ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। কলিন ম্যাককুল, আর্নি তোশ্যাক, কিথ মিলার ও রে লিন্ডওয়ালের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দলের একমাত্র ইনিংসে ৭* রান সংগ্রহ করেছিলেন। চার-দিন নিয়ে গড়া ঐ টেস্টটি দুই দিনে শেষ হয়ে যায়। স্বাগতিক দল ৪২ ও ৫৪ রানে গুটিয়ে গেলে প্রতিপক্ষের কাছে ইনিংস ও ১০৩ রানে পরাভূত হয়।
১৯৪৭-৪৮ মৌসুমে নিজ দেশে লালা অমরনাথের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৮ নভেম্বর, ১৯৪৭ তারিখে ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিক দল ইনিংস ও ২২৬ রানে জয় পায় এবং পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
প্রথমদিকের কয়েকটি টেস্টে নিজের প্রতিশ্রুতিশীলতা তুলে ধরতে পারেননি। তবে, অ্যাডিলেডে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে মেলে ধরার সুযোগ পান। কিথ মিলারের সাথে ১৫০ রানের জুটি গড়েন। দলের অধিকাংশ খেলোয়াড়ের ন্যায় তিনিও ভারতের বিপক্ষে সিরিজে প্রভূতঃ সফলতার সন্ধান পান। ঐ সিরিজে তিনি ১৬ উইকেট দখল করেছিলেন।
১৯৪৮ সালে অ্যাশেজ সিরিজে অংশ নিতে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ নামধারী অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। দলের প্রধান স্পিনার ছিলেন। টেস্টগুলোয় বল হাতে নিয়ে বেশ হিমশিম খেলেও কাউন্টি দলগুলোর বিপক্ষে ক্রমাগত সফলতার সন্ধান পেয়েছিলেন।
২৪ জুন, ১৯৪৮ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৭২ ও ০/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৪ ও ৯* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৪০৯ রানের বিশাল ব্যবধানে পরাভূত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ২২ জুলাই, ১৯৪৮ তারিখে লিডসে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৮৯ ও ১/৮৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৭ উইকেটে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৪৯-৫০ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে লিন্ডসে হ্যাসেটের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২৪ ডিসেম্বর, ১৯৪৯ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৫২ রান অতিক্রম করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৬৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৩৭ ও ৩/৫৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ৮৫ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২০ জানুয়ারি, ১৯৫০ তারিখে ডারবানে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ১/৩৮ ও ৫/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ২ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৫ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ৩ মার্চ, ১৯৫০ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে এডি নোর্সের দ্বিতীয় উইকেট লাভ করে ৫০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন। বল হাতে নিয়ে ১/৪৮ ও ৩/২১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ২৬* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, সফরকারীরা ইনিংস ও ২৫৯ রানে জয়লাভ করলে ৪-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৫ জানুয়ারি, ১৯৫১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৭৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৯৪ ও ১/৩২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ১৩ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ২ ফেব্রুয়ারি, ১৯৫১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৬ ও ৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৩৮ ও ২/৬৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ২৭৪ রানে জয় পেলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৫১-৫২ মৌসুমে নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২২ ডিসেম্বর, ১৯৫১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। দ্বিতীয় ইনিংসে ৩ রানে পৌঁছানোকালে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ১১ ও ১৬ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৬ উইকেটে জয় পেয়ে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
এক পর্যায়ে ১৫ টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেন। দূর্ভাগ্যজনকভাবে ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে দলের অধিনায়কের দায়িত্ব পান। ব্র্যাডম্যান যুগের পর প্রথমবারের মতো অস্ট্রেলীয় ক্রিকেট ইংল্যান্ডের কাছে ব্যাপক বাঁধার সম্মুখীন হয়। বিংশ শতাব্দীতে অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক হিসেবে উপর্যুপরী অ্যাশেজ সিরিজে পরাজিত হন। জিম লেকার টেস্টে ১৯ উইকেট দখলের পর তিনি অভিনন্দন জানান।
১৯৫৪-৫৫ মৌসুমে নিজ দেশে লিওনার্ড হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৫ ফেব্রুয়ারি, ১৯৫৫ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১১ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৬৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলেও স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৫৫ সালে অজি দলকে নেতৃত্ব দিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ১১ জুন, ১৯৫৫ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২৭* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৬৯ ও ২/৪৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ৮২ রানে জয় পেলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
পরের বছর অজি দলকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ড গমন করেন। ২৩ আগস্ট, ১৯৫৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ১২ ও ১০ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে জিম লেকারের বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৮ ও ০/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯৫৬-৫৭ মৌসুমে অজি দলকে নেতৃত্ব দিয়ে ভারত সফরে যান। ২ নভেম্বর, ১৯৫৬ তারিখে কলকাতায় অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি বল হাতে নিয়ে ১/২৭ ও ১/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১ ও ৫ রান সংগ্রহ করে উভয় ইনিংসে বিনু মানকড়ের শিকারে পরিণত হয়েছিলেন। ৯৪ রানে পরাজিত হলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ধাবিত হন। এছাড়াও, সাংবাদিকতার সাথেও জড়িত ছিলেন। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নববর্ষের সম্মাননা হিসেবে ১৯৫৭ সালে এমবিই, ১৯৭৭ সালে ওবিই এবং ১৯৮৩ সালে সিবিই পদবী লাভ করেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। আরএল পার্ক সম্পর্কে তাঁর শ্বশুর। ৯ অক্টোবর, ১৯৯৮ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্ন এলাকায় ৮০ বছর ৩০৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
