১২ মে, ১৯৪৬ তারিখে ব্রিটিশ গায়ানার রোজ হল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৮-৬৯ মৌসুম থেকে ১৯৮২-৮৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।
১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৭৪-৭৫ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে পাকিস্তান গমন করেন। ১৫ ফেব্রুয়ারি, ১৯৭৫ তারিখে লাহোরে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেকে অপরাজিত ১০৫ রানের শতক হাঁকানোর গৌরব অর্জন করেন ও নিজের দীর্ঘ ইনিংস খেলার কথা জানান দেন। এছাড়াও, প্রথম ইনিংসে ২০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৭৫-৭৬ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ৩১ জানুয়ারি, ১৯৭৬ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ৩ ও ২০ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১৬৫ রানে জয় পেলে ৫-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
তবে, ১৯৭০-এর দশকে শক্তিধর ওয়েস্ট ইন্ডিজ দলে তেমন খেলার সুযোগই পাননি। এ পর্যায়ে তাঁকে প্রকৃত মানসম্পন্ন দ্রুতগতির বোলিংয়ের সামনে নতজানু হতে হয়। রয় ফ্রেডরিক্স, গর্ডন গ্রীনিজ ও ডেসমন্ড হেইন্সের সাথে দলে ঠাঁই পাবার প্রশ্নে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তাসত্ত্বেও, তাঁদের পরপরই ব্যাটিং অবস্থানে থাকতেন। ধ্রুপদীশৈলীর ব্যাটসম্যান হলেও অসময়ে ভুল জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। রয় ফ্রেডরিক্সের উদ্বোধনী সঙ্গীর সম্ভাব্য অংশীদার ছিলেন। তবে, দূর্ঘটনা ও পরবর্তীতে গর্ডন গ্রীনিজের উত্থানে তাঁর অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। রয় ফ্রেডরিক্সের অবসর গ্রহণের পর ডেসমন্ড হেইন্সের আবির্ভাবে তাঁকে পুরোপুরি হতাশ করে দেয়।
১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত শেল শীল্ডে খেলতে থাকেন। পরের মৌসুমে ডেমেরারার বিপক্ষে জোন্স কাপের চূড়ান্ত খেলায় একবার অংশ নিয়েছিলেন। ইনিংস উদ্বোধনে নেমে প্রথম ইনিংসে ১৩৭ রান ও দ্বিতীয় ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত ১০১ রান তুলে অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ৩৬ বছর বয়সে এসেও কাম্বারল্যান্ডের পক্ষে খেলতে থাকেন। ১৯৮৩ সাল পর্যন্ত মাইনর কাউন্টি চ্যাম্পিয়নশীপে অংশ নিতেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৫১ গড়ে সাড়ে চার হাজার রান তুলেছেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে থাকেন। তবে, স্থানীয় তরুণদের প্রশিক্ষণের উদ্দেশ্যে বার্বাইসে আসা-যাওয়া করছেন। সেপ্টেম্বর, ২০০৮ সালে নিউইয়কের ব্রুকলিনে অনুষ্ঠিত বার্ষিক গায়ানা-ত্রিনিদাদ প্রতিযোগিতায় রফিক জুমাদিন ও ভাইবার্ট ডুর্জনের সাথে সমাদৃত হন। ২০১২ সালে বার্বাইস ক্রিকেট বোর্ড হল অব ফেমে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। জন্মকালীন তিনি ‘গণেশ বাইচাঁন ধনরাজ’ নামে পরিচিত ছিলেন।
