২০ সেপ্টেম্বর, ১৯৮৭ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০০৬-০৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ঈগলস, নর্দার্নসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, টাকাশিঙ্গা প্যাট্রিয়টসের পক্ষে খেলেছেন। ১২ এপ্রিল, ২০০৭ তারিখে মুতারেতে অনুষ্ঠিত ইস্টার্নস বনাম নর্দার্নসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। পুরনো ধাঁচের ঘরোয়া ক্রিকেট পদ্ধতির খেলায় নর্দার্নসের পক্ষে খেলতেন। এরপর, জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের সংস্কার ঘটানো হলে ম্যাশোনাল্যান্ড ঈগলসের উইকেট-রক্ষক হিসেবে খেলা চালিয়ে যেতে থাকেন।
অপরিহার্য্য উইকেট-রক্ষক ও ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। নিচেরসারির কার্যকরী ব্যাটসম্যান। শুরুতে ব্রেন্ডন টেলরের সদর্পে উপস্থিতির কারণে একই মানের ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে গ্লাভস হাতে নেয়ার তেমন সুযোগ পেতেন না। প্রাদেশিক ক্রিকেটসহ সকল স্তরের ক্রিকেটেই নিজেকে মানিয়ে নিয়েছেন। প্রতিটি স্তরেই খেলায় উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছেন। ব্যাটিংয়ে পরিপক্কতা আনয়ণসহ পরিপাটি উইকেট-রক্ষকের মর্যাদা পেয়েছেন।
২০০৫ সালের আফ্রো-এশিয়া অনূর্ধ্ব-১৯ কাপ প্রতিযোগিতায় জিম্বাবুয়ে দলের প্রতিনিধিত্ব করেন। তবে, আর্থিক মতবিরোধ ও পরবর্তীতে টাটেন্ডা তাইবু, ব্রেন্ডন টেলর, অ্যালেস্টার মারেগুইডি এবং রিচমন্ড মুতুম্বামি’র প্রাধান্যতায় জাতীয় দলে উইকেট-রক্ষক হিসেবে অংশ নিতে পারেননি। ২০০৮ সালে পাকিস্তান ক্রিকেট একাডেমির বিপক্ষে তেমন ভালোমানের ক্রীড়াশৈলী উপস্থাপন করতে না পারলেও কানাডা গমনার্থে জিম্বাবুয়ে দলের সদস্যরূপে যুক্ত হন।
২০০৮ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১২ অক্টোবর, ২০০৮ তারিখে কিং সিটিতে পাকিস্তানের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জগতে প্রবেশ করেন। তবে, খেলায় তেমন প্রভাব ফেলতে পারেননি। এরপর থেকেই ব্রেন্ডন টেলরের ঘাটতি পূরণেও স্ট্যাম্পের পিছনে অবস্থান করার সুযোগ হারান। আবারও তাঁকে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়। ২০০৮ সালে ত্রি-দেশীয় প্রতিযোগিতায় অংশ নিতে কেনিয়া গমন করেন। ১৯ অক্টোবর, ২০০৮ তারিখে নাইরোবির জিমখানায় স্বাগতিক কেনিয়ার বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো খেলেন। ৪১ রান করে প্রতিরক্ষা ব্যূহ গড়েন। তাসত্ত্বেও দল ৯৫ রানের পরাজয় এড়াতে পারেননি।
২০১১-১২ মৌসুমে নিজ দেশে রস টেলরের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১ নভেম্বর, ২০১১ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র টেস্ট নিয়ে গড়া খেলায় অংশ নেন। ম্যালকম ওয়ালার ও এনজাবুলো এনকুবে’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৩৭ ও ৫ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। ড্যানিয়েল ভেট্টোরি’র অসাধারণ অল-রাউন্ড সাফল্যে ঐ টেস্টে তাঁর দল ৩৪ রানে পরাজয়বরণ করে। পরবর্তীতে দল থেকে বাদ পড়েন। তবে, কেন্দ্রীয় ঘূর্ণন নীতির কারণে ২০১৩ সালে খেলোয়াড়ী জীবনে ছেদ ঘটে।
লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোসের বিপক্ষে প্রায় নিখুঁত ২৪০ রান তুলেন। এরফলে, লোগান কাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ও নিজস্ব প্রথম দ্বি-শতক হাঁকান। পরবর্তীতে, গাই হুইটল ২৪৭ রানের ইনিংস খেলে প্রতিযোগিতার সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক হন।
কুইন্সল্যান্ডের ম্যাকের ফারলেই ম্যাগপাইজের সদস্যরূপে গ্রেড ক্রিকেট খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। ২০১৪ সালে স্বর্ণালী সময়ের সূচনা ঘটান। ঐ মৌসুম শেষ হবার পূর্বে ম্যাশোনাল্যান্ড ঈগলসের পক্ষে আরও তিনটি শতরানের ইনিংস খেলেন। ঐ বছরের শেষদিকে বাংলাদেশ গমনার্থে জিম্বাবুয়ে দলে যুক্ত হন। স্বল্প কয়েকজন খেলোয়াড়ের অন্যতম হিসেবে স্বীয় প্রতিভার স্বাক্ষর রাখেন। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নিজস্ব প্রথম টেস্ট শতক হাঁকানোসহ আরও দুইটি অর্ধ-শতরানের ইনিংস খেলেছিলেন।
২০১৪ সালে নিজ দেশে হাশিম আমলা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৯ আগস্ট, ২০১৪ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ১৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঘটনাবহুল এ টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়মিত উইকেট-রক্ষক রিচমন্ড মুতুম্বামি’র পরিবর্তে তিনি উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেন। অভিষেক ঘটা ডেন পাইতের বোলিং কল্যাণে স্বাগতিকরা ৯ উইকেটে পরাজিত হয়।
২০২১ সালে নিজ দেশে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ৭ জুলাই, ২০২১ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ঐ টেস্টে তাঁর দল ২২০ রানে পরাজয়বরণ করে। ৩১* ও ১ রান সংগ্রহ করতে পেরেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ গ্লাভসবন্দী করেন।
