৫ এপ্রিল, ১৯৩৮ তারিখে রোডেশিয়ার বুলাওয়েতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি, অত্যন্ত দৃষ্টিনন্দন ও দূর্দান্ত ফিল্ডার হিসেবেও অসম্ভব সুনাম কুড়িয়েছিলেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। ‘গোল্ডেন ঈগল’ ডাকনামে পরিচিতি লাভ করেন। সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন। ফিল্ডিংয়ে শিল্পসত্ত্বা আনয়ণে বিপ্লবাত্মক ভূমিকা আনেন। এরফলে, ফিল্ডারদের পূর্বপুরুষ হিসেবে নিজের পরিচিতি ঘটান। প্রায়শঃই তাঁকে ক্রিকেটের সেরা ফিল্ডার হিসেবে পরিগণিত করা হয়। কভার ও মিড-উইকেটে তাঁর সপ্রতিভ পদচারণ ছিল। এছাড়াও, শীর্ষসারির মারকুটে ব্যাটসম্যানের মর্যাদা পান। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে রোডেশিয়া, ইস্টার্ন প্রভিন্স ও অরেঞ্জ ফ্রি স্টেটের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৭৩-৭৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৬১ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বমোট ২১ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৬১-৬২ মৌসুমে নিজ দেশে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ৮ ডিসেম্বর, ১৯৬১ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। হ্যারি ব্রোমফিল্ড, এডি বার্লো, গুফি লরেন্স, কেনেথ ওয়াল্টার, কিম এলজি ও পিটার পোলকের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাট হাতে নিয়ে ৫ ও ৩০ রান সংগ্রহ করেছিলেন। সফরকারী দল ৩০ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ১ জানুয়ারি, ১৯৬২ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। কয়েকবার ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩০ রান অতিক্রম করেন। দ্বিতীয় ইনিংসে এ সাফল্যকে আরও ছাঁপিয়ে যান। এ পর্যায়ে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩২ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৩২ ও ৪২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। সফরকারীরা ৭২ রানে জয় পেলে সিরিজটি ১-১ ব্যবধানে অগ্রসর হতে থাকে। প্রসঙ্গতঃ এটিই নিউজিল্যান্ডের দ্বিতীয় ও বিদেশের মাটিতে প্রথম জয় ছিল।
এরপর, ২ ফেব্রুয়ারি, ১৯৬২ তারিখে জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঘটনাবহুল এ টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে দুই হাতে অবিস্মরণীয় ক্যাচ নিয়ে প্রতিপক্ষীয় অধিনায়ক জন রিডকে বিদেয় করেছিলেন। ইনিংস ও ৫১ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৬৩-৬৪ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ট্রেভর গডার্ডের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ২১ ফেব্রুয়ারি, ১৯৬৪ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৪০ ও ৪৬* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১ ও ২/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৩ মার্চ, ১৯৬৪ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৮৩ ও ২১* রান সংগ্রহ করেছিলেন। তন্মধ্যে, প্রথম ইনিংসে ডেনিস লিন্ডসে’র (৩৭) সাথে ষষ্ঠ উইকেটে ৮৩ রানের রানের জুটি গড়ে দ্বি-পক্ষীয় রেকর্ড গড়েন। তবে, খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়। পাশাপাশি, টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নিষেধাজ্ঞার কবলের পূর্বে এটিই নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সর্বশেষ খেলা ছিল।
১৯৬৪-৬৫ মৌসুমে নিজ দেশে ইংল্যান্ডের মুখোমুখি হন। জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ফলো-অনের কবলে পড়ে তাঁর দল। দ্বিতীয় ইনিংসে দলের সংগ্রহ ১০৯/৪ থাকা অবস্থায় মাঠে নেমে চার ঘণ্টাধিক সময় ক্রিজে অবস্থান করে খেলা রক্ষা করেন।
১৯৬৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর পিটার ফন ডার মারউই’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২২ জুলাই, ১৯৬৫ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩৯ ও ৭০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে। একই বছর লর্ডসে বিশ্ব একাদশের পক্ষে খেলেন। টেস্টগুলো থেকে ব্যাট হাতে তিন শতক সহযোগে ৪৯.০৮ গড়ে ১৬৬৯ রান সংগ্রহ করেছিলেন।
১৯৬৬-৬৭ মৌসুমে নিজ দেশে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। সিরিজের প্রথম টেস্টের পর আঘাতের কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে বাধ্য হন। ২৩ ডিসেম্বর, ১৯৬৬ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেন। খেলায় তিনি ০ ও ৩২ রান সংগ্রহ করেছিলেন। ২৩৩ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল। তবে, ১৯৭৩-৭৪ মৌসুম পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৯৬৬ সালে উইজডেন কর্তৃক পোলক ভ্রাতৃদ্বয়ের সাথে তিনিও অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। ১৯৯৯ সালে উইজডেনের শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের ১০০ ভোটের মধ্যে তাঁর টেস্ট অধিনায়ক পিটার ফন ডার মারউই তাঁর নাম প্রস্তাবনা করেন। তিনি মন্তব্য করেন যে, ‘তিনি ফিল্ডিংয়ে বিপ্লব এনেছেন ও অসামান্য মানদণ্ড এনেছেন।’
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন। ক্রিকেট ও স্কোয়াশের প্রশিক্ষণ দিতেন। ২০০৪ সালে এমসিসি কর্তৃপক্ষ তাঁকে ফিল্ডিং কোচ হিসেবে মনোনীত করে।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ১১ নভেম্বর, ১৯৬৫ তারিখে ডরোথি কর্নওয়াল নাম্নী এক রমণীকে বিয়ে করেন। ঐদিনই রোডেশীয় প্রধানমন্ত্রী ইয়ান স্মিথ গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের কথা ঘোষণা করেন। স্মিথ পারিবারিক বন্ধু ছিলেন ও টেলিগ্রাম করেন। কয়েকজন অতিথি বিয়েতে উপস্থিত ছিলেন। উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে ১৯৬৮ সালে গ্যারি সোবার্সের আমন্ত্রণে বিশ্ব একাদশের পক্ষে খেলতে গেলেও হিথ্রোতে তাঁকে প্রবেশ করতে দেয়া হয়নি। কার্যতঃ তাঁর টেস্ট খেলোয়াড়ী জীবন শেষ হয়ে যায়।
দুই পুত্র সন্তানের জনক ছিলেন। জীবনের শেষদিকে বেশ কয়েক বছর ধরে মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অতঃপর, ১৪ এপ্রিল, ২০১৮ তারিখে লন্ডনে ৮০ বছর ৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
