১৩ জুন, ১৮৮৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের সেন্ট লিওনার্ডস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে সবিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯১০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
উজ্জ্বীবনী শক্তির ব্যাটসম্যান ও প্রাণবন্তঃ ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে নিজের পরিচিতি ঘটান। সচরাচর, নিউ সাউথ ওয়েলসের পক্ষাবলম্বনকারী অপর দুই জ্যেষ্ঠ ভ্রাতার তুলনায় নিজেকে যথেষ্ট এগিয়ে রেখেছিলেন। ১৯০৬-০৭ মৌসুম থেকে ১৯১৪-১৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন।
১৯১১ থেকে ১৯১২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে নয়টিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯১১-১২ মৌসুমে নিজ দেশে জনি ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৫ ডিসেম্বর, ১৯১১ তারিখে সিডনিতে সফররত ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামেন। সিরিজের উদ্বোধনী টেস্টে ১১১ মিনিট ক্রিজে অবস্থান করে ব্যক্তিগত সর্বোচ্চ ৯০ রান তুলেন। এ পর্যায়ে ভিক্টর ট্রাম্পারের সাফল্যকে ম্লান করে দেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ১৭ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, বল হাতে নিয়ে ০/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১৪৬ রানে জয়লাভ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
তবে, ১৯১২ সালে ইংল্যান্ডের মাটিতে স্থবির ও পোতানো উইকেটে যথেষ্ট হিমশিম খান। নিজ দেশে ফিরে খেলায় অনিয়মিত হয়ে পড়েন। প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর সিড গ্রিগরি’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ২৭ মে, ১৯১২ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ খেলায় তাঁর দল ইনিংস ও ৮৮ রানে জয়লাভ করে।
এরপর, ১৯ আগস্ট, ১৯১২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০ ও ৪ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে ফ্রাঙ্ক ওলি’র বলে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ২৪৪ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজ ১-০ ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
নিজস্ব সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় পুণরায় স্বরূপ ধারণ করেন। ডিসেম্বর, ১৯১৪ সালে ভিক্টোরিয়ার বিপক্ষে ঐ খেলায় ৮৪ রান খরচায় ১০ উইকেট কব্জা করেন। তন্মধ্যে, প্রথম ইনিংসে ৮/৫০ পান। এটিই তাঁর সেরা বোলিং ছিল।
চিকিৎসা পেশায় মনোনিবেশ ঘটানোর লক্ষ্যে ২৬ বছর বয়সে ক্রিকেট খেলা থেকে দূরে সড়ে যান। ২১ অক্টোবর, ১৯৫৫ তারিখে নিউ সাউথ ওয়েলসের ম্যানলি এলাকায় ৬৭ বছর ১৩০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
