১২ ফেব্রুয়ারি, ১৯৮৮ তারিখে মাসভিঙ্গো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলারের দায়িত্ব পালন করছেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করে থাকেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০০৬ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে সেন্ট্রালস, মাসভিঙ্গো, মিড ওয়েস্ট রাইনোস, সাউদার্ন রক্স, সাউদার্নসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, আফগান ক্রিকেটে স্পিন গড় টাইগার্স দলের পক্ষে খেলেছেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৭ জুন, ২০০৬ তারিখে মুতারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোসের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। পাঁচ খেলায় অংশ নিয়ে ২৮টি ডিসমিসাল ঘটান। এছাড়াও, ২০১৭-১৮ মৌসুমে প্রো৫০ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় একই দলের পক্ষে শীর্ষ উইকেট শিকারীতে পরিণত হন। আট খেলায় বারোটি ডিসমিসাল ঘটান।
২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কালে জিম্বাবুয়ের পক্ষে তিনটিমাত্র টেস্ট, ২১টি ওডিআই ও ১৪টি টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ২০১৫-১৬ মৌসুমে নিজ দেশে আফগানিস্তানের মুখোমুখি হন। ১৬ অক্টোবর, ২০১৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত আফগানিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। একই সফরের ২৬ অক্টোবর, ২০১৫ তারিখে বুলাওয়েতে প্রথমবারের মতো টি২০আইয়ে অংশ নেন। ঐ খেলায় সিকান্দার রাজা’র সাথে জুটি গড়েন। নবম উইকেট জুটিতে ওডিআইয়ে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৯১ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন।
২০১৭-১৮ মৌসুমে নিজ দেশে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৯ অক্টোবর, ২০১৭ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় তিনি ৯ রান সংগ্রহসহ ৩/১১৩ লাভ করেন। তবে, সিকান্দার রাজা’র অসাধারণ অল-রাউন্ড ক্রীড়ানৈপুণ্যের কারণে খেলাটি ড্রয়ে পরিণত হলে ১-০ ব্যবধানে তাঁর দল সিরিজে জয়লাভ করে।
জুন, ২০১৮ সালে ত্রি-দেশীয় সিরিজকে ঘিরে প্রস্তুতিমূলক খেলায় জিম্বাবুয়ে দলের পক্ষে খেলেন। ২০২০-২১ মৌসুমে নিজ দেশে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ৭ মে, ২০২১ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ঐ টেস্টে তাঁর দল ইনিংস ও ১৪৭ রানের ব্যবধানে পরাজয়বরণ করে। ২/১৩১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ১ ও ৮ রান সংগ্রহ করেছিলেন।
