১৪ ফেব্রুয়ারি, ১৯৯২ তারিখে চেগুটু এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
কিঞ্চিৎ শক্ত মজবুত গড়নের অধিকারী। বয়সভিত্তিক ক্রিকেটে শৈশবকাল থেকে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে চিহ্নিত হন। ক্রিজে অবস্থানকালে ক্ষাণিকটা উপুড় হয়ে রক্ষণাত্মক ভঙ্গীমা নিয়ে ব্যাটিং কর্মে অগ্রসর হন। খেলোয়াড়ী জীবনের শুরুতে ক্রিকেটের দীর্ঘ সংস্করণের খেলায় ধীর লয়ে রান সংগ্রহের কারণে পরিচিতি পেয়েছেন। তাসত্ত্বেও কয়েকবার এ ধরনের মুখোশ থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছেন।
জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে থাকেন। ২০১১-১২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাতাবেলেল্যান্ড তুস্কার্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, আমাখোসি দলের পক্ষে খেলেছেন। ১৭ অক্টোবর, ২০১১ তারিখে মাসভিঙ্গোতে অনুষ্ঠিত মাতাবেলেল্যান্ড তুস্কার্স বনাম সাউদার্ন রক্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। মাতাবেলেল্যান্ড তুস্কার্সের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে শুরু করেন। তবে, সীমিত-ওভারের খেলায় প্রায়শঃই মাঝারিসারিতে ব্যাটিং করতে নামেন।
ঘরোয়া পর্যায়ের সীমিত-ওভারের ক্রিকেট প্রতিযোগিতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৭-১৮ মৌসুমের প্রো৫০ চ্যাম্পিয়নশীপে চারজন খেলোয়াড়ের অন্যতম হিসেবে তিন শতাধিক রান সংগ্রহ করেছিলেন। ঐ আসরে তিনাশি কামুনহুকামি’র পর দ্বিতীয় সর্বাধিক ছক্কা হাঁকিয়েছিলেন। লেগ-সাইড অঞ্চলে স্পিনারদের বিরুদ্ধে খেলতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাসত্ত্বেও, পেস বোলারদের দ্রুতগতিসম্পন্ন বলগুলোকে সামনের পায়ে ভর রেখে কভার অঞ্চলে প্রেরণেও দক্ষতা দেখিয়েছেন। অফ-স্পিনার জন নিয়ুম্বু’র ন্যায় স্থানীয় পর্যায়ের ক্লাব ক্রিকেটে এমাখান্দেনির প্রতিনিধিত্ব করছেন।
২০১৪ সাল থেকে ২০২০ সময়কালে জিম্বাবুয়ের পক্ষে সাতটিমাত্র টেস্ট, ১৪টি ওডিআই ও তিনটিমাত্র টি২০আইয়ে অংশ নিয়েছেন। ২০১৪-১৫ মৌসুমে ব্রেন্ডন টেলরের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলের সাথে বাংলাদেশ গমন করেন। ৩ নভেম্বর, ২০১৪ তারিখে খুলনায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নাতশাই মুশাঙ্গুই’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে তাঁর দল ১৬২ রানে পরাজিত হয়েছিল ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে, প্রথম দুই টেস্ট থেকে উল্লেখযোগ্য সাফল্য লাভে ব্যর্থ হন। ২৫, ৪, ০ ও ০ রান সংগ্রহ করেছিলেন।
অক্টোবর, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ১৬ রান তুলে জিম্বাবুয়ের মামুলী ১২৮ রানের দলীয় সংগ্রহে অংশ নেন। তবে, সিরিজের বাদ-বাকী খেলাগুলোয় তিন নম্বর অবস্থানে মাঠে নামেন।
নভেম্বর, ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং উদ্বোধনে নেমে প্রথম জিম্বাবুয়ীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম বলে ছক্কা হাঁকান। রঙ্গনা হেরাথের বল থেকে এ সাফল্য পান। একই ইনিংসে ছক্কা হাঁকিয়ে নিজস্ব প্রথম অর্ধ-শতরানের ইনিংস খেলেছিলেন ও ৮০ রান সংগ্রহ করেছিলেন।
২০১৮-১৯ মৌসুমে হ্যামিল্টন মাসাকাদজা’র নেতৃত্বে বাংলাদেশ সফরে যান। ৩ নভেম্বর, ২০১৮ তারিখে সিলেটে অনুষ্ঠিত টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দলের বিজয়ে ক্ষাণিকটা ভূমিকা রাখেন। ১৩ ও ৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেন। ১১ নভেম্বর, ২০১৮ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ২১৮ রানের ব্যবধানে তাঁর দল পরাজয়বরণ করে। ১-১ ব্যবধানে সিরিজটি শেষ হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
এ মৌসুমে যুক্তরাজ্যভিত্তিক ডেভন প্রিমিয়ার লীগে বোভি ট্রেসির পক্ষে খেলেন। ৩৪.৮৬ গড়ে ৪৮৮ রান সংগ্রহসহ ১৯.৯২ গড়ে ১৩ উইকেট দখল করেন। এ পর্যায়ে ইউকেসিসি ২য় পর্যায়ের কোচিং প্রশিক্ষণ সম্পন্ন করেন।
