|

কাশিফ আলী

৬ জুন, ১৯৯৪ তারিখে রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে নীচেরসারিতে ব্যাটিং করে থাকেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০২১-২২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে নর্দার্ন, রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডি রিজিওন ও নর্দার্ন দ্বিতীয় একাদশের প্রতিনিধিত্ব করেছেন। ১৭ নভেম্বর, ২০২১ তারিখে ফয়সালাবাদে নর্দার্ন বনাম বালুচিস্তানের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর জীবনের সূচনা ঘটান। শেফিল্ড শীল্ড প্রতিযোগিতায় সাউথ অস্ট্রেলিয়ার যোগ্যতা লাভের প্রেক্ষিতে অ্যাশটন অ্যাগরের অনুপস্থিতিতে ২৫ মার্চ, ২০২৫ তারিখে কেন্ট কর্তৃপক্ষ কিথ ডুজনের সাথে তাঁকে চুক্তিতে আবদ্ধ করা হয়।

২০২৫ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন। ২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। নিজস্ব প্রথম ওভারেই মিকাইল লুইসকে (৪) বিদেয় করে প্রারম্ভিক সফলতার সন্ধান পান। খেলায় তিনি ১/১৬ ও ১/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০ ও ১ রান সংগ্রহ করেছিলেন। তবে, জোমেল ওয়ারিকানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ১২০ রানে জয় পেলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়।

সম্পৃক্ত পোস্ট