|

আর্চি উইলস

১১ আগস্ট, ১৮৯২ তারিখে বার্বাডোসের ব্রিজটাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদের প্রতিনিধিত্ব করেছেন। ১৯১৯-২০ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পর খাঁটিমানসম্পন্ন ব্যাটসম্যান হিসেবে প্রায় দেড় দশক ত্রিনিদাদের পক্ষে বর্ণাঢ্যময় ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন। তাঁর ব্যাটিংয়ের কল্যাণে ১৯৩১-৩২ মৌসুমে ত্রিনিদাদ দল আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতার শিরোপা জয়ে সমর্থ হন। এরফলে, ১৯৩৩ সালে ইংল্যান্ড গমনার্থে তাঁকে ওয়েস্ট ইন্ডিজ দলে ঠাঁই দেয়া হয়।

১৯৩৩ সালে জ্যাকি গ্র্যান্টের অধিনায়কত্বে ক্যারিবীয় দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এ সফরে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। টেস্ট অভিষেককালীন তাঁর বয়স ছিল ৪০ বছর ৩৪৬ দিন। ২২ জুলাই, ১৯৩৩ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ভিনসেন্ট ভ্যালেন্টাইনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে ০ ও ২ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

৪ নভেম্বর, ১৯৫৭ তারিখে ত্রিনিদাদের দিয়েগো মার্টিন এলাকায় ৬৫ বছর ৮৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট