১ এপ্রিল, ১৮৬৮ তারিখে লন্ডনের ক্ল্যাপটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেট তারকা ছিলেন। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে অফ-ব্রেক কিংবা লেগ-ব্রেক বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
১৮৯২ থেকে ১৯০৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্স দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লন্ডন কাউন্টির পক্ষে খেলতেন। নিজের সময়কালে অন্যতম সেরা স্লো-মিডিয়াম ডানহাতি বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সহজভাবে বোলিংয়ে অগ্রসর হতেন ও নিখুঁত নিশানার দিকে জোড় দিতেন। স্পিনের ব্যতিক্রমী শক্তিমত্তা প্রদর্শনসহ উপযোগী পিচে বলকে বাঁক খাওয়াতে পারতেন।
১৮৮৫ সালে বব থমস নামীয় পরিচিত আম্পায়ারের আমন্ত্রণে কোল্টসের খেলায় নিজ কাউন্টির পক্ষে প্রথম খেলতে নামেন। তবে, সফলতা পাননি। পাঁচ বছর পর আবাসজনিত কারণে খেলার যোগ্যতা লাভের ফলে এসেক্সে খেলেন। ১৯১৩ সাল পর্যন্ত পূর্বাঞ্চলীয় কাউন্টি দলটির পক্ষে খেলতে থাকেন। কেবলমাত্র শীতকালীন আর্থিক বিষয়ে মতবিরোধের কারণে ১৯০৪ ও ১৯০৫ সালে খেলেননি। ঐ দুই গ্রীষ্মে এমসিসি ও লন্ডন কাউন্টির পক্ষে খেললেও উল্লেখযোগ্য সফলতা পাননি। ১৮৯৫ সালে এসেক্সের পক্ষে স্বর্ণালী মৌসুম অতিবাহিত করেন। ১৫-এর কম গড়ে ১৭৯ উইকেট দখল করেন ও প্রথম-শ্রেণীর বোলিং গড়ে পঞ্চম স্থানে অবস্থান করেন। উপর্যুপরী তিন ইনিংসে ১৯২ রান খরচায় ২৪জন ব্যাটসম্যানকে বিদেয় করেছিলেন।
দুইবার খেলা থেকে ১৭ উইকেট লাভের ন্যায় দূর্লভ অর্জনের সাথে নিজেকে জড়ান। এরফলে, কেন্টের এ. পি. ফ্রিম্যানের সমকক্ষ হন। ১৮৯৩ সালে প্রথমবার অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে এ কৃতিত্ব প্রদর্শন করেন। প্রথম ইনিংসে ৯/১৩৬ ও দ্বিতীয় ইনিংসে ৮/৬৯ লাভ করেন। দুই বছর বাদে সাউদাম্পটনে হ্যাম্পশায়ারের বিপক্ষে ৮/৬৭ ও ৯/৫২ লাভ করেন।
১৮৯৯ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯৯ সালে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৫ জুন, ১৮৯৯ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। চার্লি টাউনসেন্ড ও গিলবার্ট জেসপের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ৭ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৯১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলায় সফরকারীরা ১০ উইকেটে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
অফ-ব্রেক বোলার হিসেবে খেললেও মাঝে-মধ্যে লেগ-ব্রেক বোলিংয়ে বেশ কার্যকর প্রভাব ফেলতেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৯.০৮ গড়ে ১৯০৬ উইকেট দখল করেছিলেন। ১৯০৪ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় ভূষিত হন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তাঁর সন্তান হ্যারল্ড স্মিথ এসেক্সের প্রতিনিধিত্ব করে ও পিতা-পুত্র একত্রে মে, ১৯১৩ সালে দুইটি খেলায় অংশ নিয়েছিল। ১৮ মার্চ, ১৯৫৪ তারিখে ৮৫ বছর ৩৫১ দিন বয়সে এসেক্সের শেলি এলাকার হাসপাতালে তাঁর দেহাবসান ঘটে।
