|

ওয়াফাদার মোমান্দ

৫ অক্টোবর, ১৯৯৯ তারিখ লাগমানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে বন্দ-ই-আমির ড্রাগন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯ মার্চ, ২০১৮ তারিখে খোস্তে অনুষ্ঠিত বুস্ট বনাম স্পিনগড়ের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০১৮ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ২৯ মে, ২০১৮ তারিখে ভারতের বিপক্ষে উদ্বোধনী টেস্টকে ঘিরে ১৫-সদস্যের আফগানিস্তান দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে আসগর আফগানের নেতৃত্বাধীন আফগান দলের সাথে ভারত গমন করেন। ১৪ জুন, ২০১৮ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। স্মর্তব্য যে, ভারতের বিপক্ষে ঐ খেলাটি মাত্র দুইদিনেই শেষ হয়ে যায়। ঐ টেস্টে তিনি বল হাতে নিয়ে ২/১০০ এবং ব্যাট হাতে অপরাজিত ৬ ও ০ রান সংগ্রহ করেন। শিখর ধবনের অনন্য ব্যাটিং সাফল্যে খেলায় তাঁর দল ইনিংস ও ২৬২ রানে পরাজিত হয়।

২৫ জুলাই, ২০১৮ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা-বলের খেলায় অংশগ্রহণের জন্যে আফগানিস্তান দলে তাঁকে যুক্ত করা হয়। অভিষেক টেস্টে দারুণ খেলার সুবাদে তাঁকে ওডিআই দলে রাখা হয়।

এরপর, ২০১৮-১৯ মৌসুমে আসগর আফগানের অধিনায়কত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ভারত সফর করেন। ১৫ মার্চ, ২০১৯ তারিখে দেরাদুনে অনুষ্ঠিত আইরিশ দলের বিপক্ষে ঐ টেস্টে তিনি ০/৩১ ও ০/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৬ ও ৮ রান সংগ্রহ করতে পেরেছিলেন। তবে, রহমত শাহের ৯৮ ও ৭৬ রানের বদৌলতে তাঁর দল ৭ উইকেটের ব্যবধানে জয়লাভ করেছিল।

সম্পৃক্ত পোস্ট