৬ আগস্ট, ১৯৪৫ তারিখে হ্যাম্পশায়ারের লিমিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
দীর্ঘকায় গড়নের অধিকারী। ১৫ বছর বয়সে পরিবারের সাথে ডাউন আন্ডারে চলে যান। ১৯৭০-৭১ মৌসুম থেকে ১৯৭৪-৭৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে দারুণ খেলার সুবাদে তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।
১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৭০-৭১ মৌসুমে নিজ দেশে রে ইলিংওয়ার্থের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। গ্রীষ্মে অ্যাশেজ সিরিজের সপ্তম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ১২ ফেব্রুয়ারি, ১৯৭১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের সপ্তম টেস্টে অংশ নেন। কেন ইস্টউডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ডেনিস লিলি’র সাথে বোলিং আক্রমণে অংশ নেন ও খেলায় পাঁচ উইকেট দখল করেন। খেলা তিনি বল হাতে নিয়ে ২/৩২ ও ৩/৬৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে উভয় ইনিংসে অপরাজিত ৩ রান করে সংগ্রহ করেছিলেন। ৬১ রানে পরাভূত হলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৭৩-৭৪ মৌসুমে এসসিজি টেস্টে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হন। কুইন্সল্যান্ডের অধিনায়ক গ্রেগ চ্যাপেল তাঁকে আরও একটি গ্রীষ্মকাল খেলার উদ্দীপনা জোগান। এ পর্যায়ে জেফ থমসনের সাথে বোলিং উদ্বোধনে নামেন। তবে, পেস বোলারদের দাপটে তাঁকে স্থানচ্যূত হতে হয়।
১৯৭৩-৭৪ মৌসুমে নিজ দেশে বেভান কংডনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৯ ডিসেম্বর, ১৯৭৩ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ১/৫৪ ও ০/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ২৫ রানের ব্যবধানে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৬৮ সালে ২২ বছর বয়সে ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেন। সেখানে এক বছর অবস্থান করেন। একমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে ভিয়েতনামে সম্মুখ সমরে অংশ নেন। চার দশক পর যুদ্ধের নেতিবাচক সমস্যা হিসেবে পিএসটিডিতে আক্রান্ত হলে চিকিৎসা করেন।
২৭ বছর বয়সে ৭ মার্চ, ১৯৭৫ তারিখে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন। এ পর্যায়ে ২৬.৭০ গড়ে ১৩৭টি প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেছিলেন। এছাড়াও, টেস্টগুলো থেকে ২৬.৬৬ গড়ে ছয় উইকেট পেয়েছিলেন।
খেলোয়াড়ী জীবন শেষে কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টভিত্তিক অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্পোর্টস একাডেমির আর্থিক তহবিল গঠনে বিশ্বব্যাপী ভ্রমণ করেন। এক পর্যায়ে কোচিং জগতে প্রবেশ করেন। ২০০৭-০৮ মৌসুমের গ্রীষ্মকালে ক্যানবেরাভিত্তিক ইন্টারন্যাশনাল ডিফেন্স ক্রিকেট চ্যালেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথিরূপে যোগ দেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। তিন সন্তানের জনক ও দুই নাতি রয়েছে। ২০১২ সালে স্ত্রীর মৃত্যু ঘটে। বান্ধবী স্যালি তাঁকে সহযোগিতা করছেন।
