১৫ মে, ১৯৩৫ তারিখে ইতালির মিলানে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার, সাংবাদিক ও প্রশাসক ছিলেন। দলে মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে অন্যতম সেরা চিত্তাকর্ষক ক্রিকেটার হিসেবে পরিগণিত হয়েছিলেন। ফাস্ট বোলারদের বিপক্ষে সরব ছিলেন। ড্রাইভ ও কাট সহযোগে রানের ফুলঝুড়ি ছুটিয়েছেন। ক্রিকেটকে ঘিরে জীবনকে আবর্তিত করেছেন। খেলায় বিপ্লব আনেন। অনেকাংশে স্বেচ্ছাচারী মনোভাবের কারণে ‘লর্ড টেড’ কিংবা ‘লর্ড এডওয়ার্ড’ ডাকনামে ভূষিত হন। বৃহৎ আসরে বিশেষত অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছেন ও ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের রুখে দিয়েছেন।
১৯৫৬ থেকে ১৯৬৮ সময়কাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্স দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৯৫৭ থেকে ১৯৬৮ সময়কালে দলটির পক্ষে ১৩৭টি খেলায় অংশ নিয়ে ৪০.৮৬ গড়ে ৮৮২৭ রান ও ২৬.১৪ গড়ে ২১৮টি উইকেট দখল করেছিলেন। সাসেক্সের অধিনায়কের দায়িত্বে থেকে প্রথমবারের মতো ১৯৬৩ ও ১৯৬৪ সালে উপর্যুপরী দুইবার ট্রফি জয়ে সবিশেষ ভূমিকা রাখেন। ১৯৬৪ সালে সাসেক্সের জিলেট কাপের শিরোপা বিজয়ে নেতৃত্ব দেন।
১৯৫৮ থেকে ১৯৬৮ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সব মিলিয়ে ৬২ টেস্টে অংশ নিয়েছেন। তন্মধ্যে, ৩০ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। ৪৭.৮৯ গড়ে ৪৫০২ রান ও ৩৪.৯৩ গড়ে ৬৬ উইকেট দখল করেন। ১৯৫৮ সালে নিজ দেশে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৪ জুলাই, ১৯৫৮ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। রে ইলিংওয়ার্থ ও রমন সুব্বা রাওয়ের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৫২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১৩ রানে জয়লাভ করে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।
এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টের শেষ দিনে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রানের ইনিংস খেলেছিলেন।
১৯৫৮-৫৯ মৌসুমে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৯ জানুয়ারি, ১৯৫৯ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ১১ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পূর্বের দুই টেস্টে পরাজয়বরণ করলে সফরকারী পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৩ ফেব্রুয়ারি, ১৯৫৯ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ০ ও ৬ রান সংগ্রহ করেছিলেন। ৯ উইকেটে পরাজিত হলে সফরকারীরা ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
একই মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ২৭ ফেব্রুয়ারি, ১৯৫৯ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কয়েকটি ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৫২ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। দলের একমাত্র ইনিংসে ১৪১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ টেস্টে সফরকারীরা ইনিংস ও ৯৯ রানে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ১৪ মার্চ, ১৯৫৯ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় খেলায় অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে জেডব্লিউ গাইকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ০/৩। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১২৪* রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৫৯-৬০ মৌসুমে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ৬ জানুয়ারি, ১৯৬০ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১৩৬* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ২/৮৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৬০ সালে নিজ দেশে জ্যাকি ম্যাকগ্লিউ’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১৮ আগস্ট, ১৯৬০ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। প্রথম ইনিংসে ৭ রানে পৌঁছানোকালে টেস্টে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ২৮ ও ১৬ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৭৯ ও ০/০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলে সফরকারীরা ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৬১ সালে নিজ দেশে রিচি বেনো’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৮ জুন, ১৯৬১ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাটিংয়ে নেমে ১০ ও ১৮০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ২২ জুন, ১৯৬১ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২৭ ও ১৭ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/৫৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলায় তাঁর দল ৫ উইকেটে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৭ জুলাই, ১৯৬১ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৬ ও ৭৬ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/১৬ ও ৩/৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ঐ খেলায় স্বাগতিকরা ৫৪ রানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৬২-৬৩ মৌসুমে এমসিসি দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়া গমন করেন। ১১ জানুয়ারি, ১৯৬৩ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩২ ও ১১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৮ উইকেটে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-১ ব্যবধানে সমতায় চলে আসে।
১৯৬৩ সালে নিজ দেশে ফ্রাঙ্ক ওরেলের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৬ জুন, ১৯৬৩ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ৭৩ ও ৩৫ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ১০ উইকেটে পরাভূত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ৪ জুলাই, ১৯৬৩ তারিখে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ২৯ ও ৫৭ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/৩৮ ও ১/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ২১৭ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-১ ব্যবধানে সমতায় চলে আসে।
১৯৬৪ সালে নিজ দেশে বব সিম্পসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৩ জুলাই, ১৯৬৪ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশগ্রহণ করেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি একবার ব্যাট হাতে নিয়ে ১৭৪ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। প্রতিপক্ষীয় অধিনায়ক বব সিম্পসনের ৩১১ রানের বদৌলতে সফরকারীরা ৬৫৬/৮ তুলে ইনিংস ঘোষণা করে। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১৩ আগস্ট, ১৯৬৪ তারিখে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশগ্রহণ করেন। অধিনায়কের দায়িত্বে থেকে খেলায় তিনি ২৩ ও ২৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ১/৩৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। দলের খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৬৪-৬৫ মৌসুমে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ৪ ডিসেম্বর, ১৯৬৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২৮ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ইনিংস ও ১০৪ রানে পরাভূত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ১ জানুয়ারি, ১৯৬৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১০ ও ১/৬৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ৬১ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
১৯৬৮ সালে নিজ দেশে বিল লরি’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২২ আগস্ট, ১৯৬৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২১ ও ২৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ২২৬ রানে জয়লাভ করে স্বাগতিকরা সিরিজটি ড্র করতে সমর্থ হলেও সফরকারীরা অ্যাশেজ কুক্ষিগত রাখে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
প্রকৃত মানসম্পন্ন বহুগুণাবলীসমৃদ্ধ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর সাংবাদিকতায় জড়িত হয়ে পড়েন। নিজস্ব বিমান আজটেক বিপিএ-২৩ পমিস প্রগেসে চড়ে সাংবাদিক হিসেবে একবার ১৯৭০ সালে অ্যাশেজ সিরিজের প্রতিবেদন প্রকাশ করেন। দ্রুতগতিতে গাড়ী চালাতে পছন্দ করতেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সময়কালে ইংল্যান্ডের দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন। কিছুটা অদ্ভূত পরিবর্তনে অগ্রসর হলেও তেমন কোন সফলতা পাননি।
২০০১ সালে নববর্ষের সম্মাননা হিসেবে সিবিই পদবী লাভ করেন। ২০০১-০২ মৌসুমে এমসিসি’র প্রেসিডেন্ট হন। আগস্ট, ২০১৭ সালে এজবাস্টনে ৫০তম টেস্ট আয়োজনকে স্মরণীয় করে রাখতে ডেভিড গাওয়ারকে সাথে নিয়ে মাঠের চতুর্দিক প্রদক্ষিণ করেন। ১৩ জানুয়ারি, ২০২১ তারিখে অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, মন্টি নোবেল, অব্রে ফকনার, লিয়ারি কনস্ট্যান্টাইন, স্ট্যান ম্যাককাবে, বিনু মানকড়, বব উইলিস ও ডেসমন্ড হেইন্সের সাথে একযোগে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।
ক্রিকেটের পাশাপাশি গল্ফে বেশ দক্ষ ছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। সুজান জর্জিনা লংফিল্ড নাম্নী এক মডেলের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এ দম্পতির জেনেভিভ ও টম নামীয় এক কন্যা ও এক পুত্র রয়েছে। ২৫ আগস্ট, ২০২১ তারিখে ইংল্যান্ডের উল্ভারহাম্পটন এলাকায় ৮৬ বছর ১০২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। তাঁর সম্মানার্থে লর্ডসে পাঁচ মিনিটব্যাপী ঘণ্টা বাজানো হয়।
