১৮ অক্টোবর, ১৯৯০ তারিখে লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০০৯-১০ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডারহাম, মিডলসেক্স ও ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালে দুই বছরের চুক্তিতে ডারহাম দলের পক্ষে খেলতে থাকেন। উইলিয়াম পোর্টারফিল্ড ও কেভিন ও’ব্রায়ানের ন্যায় তিনিও এমসিসি’র পরিচালনায় কাউন্টি ক্রিকেটে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার উদ্দেশ্যে এমসিসি ইয়ং ক্রিকেটার্স থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ২৩ বছর বয়সে ডারহামের অপর উইকেট-রক্ষক-ব্যাটসম্যান মাইকেল রিচার্ডসনের পদাঙ্ক অনুসরণ করে এমসিসি থেকে নর্থ ইস্টে চলে যান।
মিডলসেক্স ও ওয়ারউইকশায়ারের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। এমসিসি ইয়ং ক্রিকেটার্সের সদস্যরূপে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপে ডারহাম দ্বিতীয় একাদশের বিপক্ষে দর্শনীয় ১৭২ রানের ইনিংস খেলে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপর, ২০১৩ সালের গ্রীষ্মের বাদ-বাকী সময় খেলার উদ্দেশ্যে ডারহাম দ্বিতীয় একাদশে যোগ দেন। ব্যাট হাতে নিয়ে কয়েকটি দর্শনীয় খেলা উপহার দেন। তন্মধ্যে, লিচেস্টারশায়ার দ্বিতীয় একাদশের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন। এরফলে, পূর্ণাঙ্গকালীন খেলার প্রস্তাবনা পান।
আয়ারল্যান্ডের সাবেক উইকেট-রক্ষক ডেরিক ভিনসেন্টের ভ্রাতৃষ্পুত্র। খেলার ধরন অনেকাংশেই উইকেট-রক্ষক-ব্যাটসম্যান মার্ক বাউচারের অনুরূপ। তবে, আদর্শ ক্রিকেটারের তালিকায় জ্যাক রাসেলকে সর্বাগ্রে রেখেছেন। জ্যেষ্ঠ ভ্রাতা অ্যান্ড্রু পয়েন্টার আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের পক্ষে খেলেছেন। সর্বক্রীড়ায় দক্ষতা দেখিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি হকি খেলায় অংশ নিতেন। ইংল্যান্ড সাউথের পক্ষে হকির যাচাই-বাছাইয়ে অংশ নিয়েছেন। তবে, ক্রিকেট খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন।
২০১৪ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্ট, ২১টি ওডিআই ও ২৫টি টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ৮ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত সফররত স্কটল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। এরপর, ১৮ জুন, ২০১৫ তারিখে ব্রিডিতে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি২০আইয়ে অংশ নেন।
১৭ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে আল আমিরাতে অনুষ্ঠিত ওমান চতুর্দলীয় টি২০আই সিরিজে দূর্দান্ত খেলে নিজেকে স্মরণীয় করে রাখেন। পল ফন মিকেরেনের শেষ বলে ছক্কা হাঁকিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে অবিশ্বাস্য জয় এনে দেন।
২০১৮-১৯ মৌসুমে আসগর আফগানের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্যে ভারত গমন করেন। ১৫ মার্চ, ২০১৯ তারিখে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে অ্যান্ডি ম্যাকব্রায়ান, জর্জ ডকরেল, জেমস ক্যামেরন-ডাউ, জেমস ম্যাককলামের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় ০ ও ১ রান করেন। এছাড়াও বল হাতে নিয়ে ৩/২৮ ও ০/৯ পান। প্রতিপক্ষীয় রহমত শাহের ৯৮ ও ৭৬ রানের বদৌলতে তাঁর দল ৭ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল।
৮ জুলাই, ২০১৯ তারিখে লর্ডস টেস্টকে ঘিরে মার্ক অ্যাডেইরের সাথে তাঁকে আয়ারল্যান্ড দলে রাখা হয়। ইংল্যান্ডের বিপক্ষে মার্ক অ্যাডেইরের টেস্ট অভিষেক ঘটলেও তাঁকে প্রথম একাদশে খেলানো হয়নি।
