১৮ মে, ১৯৯০ তারিখে কেপ প্রদেশের কেপটাউনে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আইরিশ আন্তর্জাতিক ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০১০-এর দশকের শেষদিকে আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
২০১৮-১৯ মৌসুম থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে নর্দার্ন নাইটস দলের প্রতিনিধিত্ব করেন। ২৮ মে, ২০১৮ তারিখে বেলফাস্টে অনুষ্ঠিত ইন্টার-প্রভিন্সিয়াল কাপে নর্দার্ন নাইটসের সদস্যরূপে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়। ২৯ মে, ২০১৮ তারিখে কম্বারে অনুষ্ঠিত ইন্টার-প্রভিন্সিয়াল চ্যাম্পিয়নশীপে নর্দার্ন নাইটসের সদস্যরূপে লিনস্টারের বিপক্ষে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। ঐ প্রতিযোগিতায় নর্দার্ন নাইটসের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। চার খেলায় অংশ নিয়ে চৌদ্দটি উইকেট পেয়েছিলেন। এপ্রিল, ২০১৯ সালে পাঁচজন ক্রিকেটারের অন্যতম হিসেবে ক্রিকেট আয়ারল্যান্ড কর্তৃক উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারের চুক্তিতে আসেন। ২০১৯ সালে আয়ারল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্ট ও চারটিমাত্র ওডিআইয়ে অংশ নিয়েছেন। জানুয়ারি, ২০১৯ সালে আসগর আফগানের নেতৃত্বাধীন আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্যে ভারত গমন করেন। এ পর্যায়ে তাকে আয়ারল্যান্ডের টেস্ট ও ওডিআই দলের সদস্য করা হয়েছিল। ২ মার্চ, ২০১৯ তারিখে দেরাদুনে অনুষ্ঠিত দিবা-রাত্রির দ্বিতীয় ওডিআইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জগতে প্রবেশ করেন। এরপর, একই সফরের ১৫ মার্চ, ২০১৯ তারিখে একই মাঠে ও একই দলের বিপক্ষে অ্যান্ডি ম্যাকব্রায়ান, জর্জ ডকরেল, জেমস ম্যাককলাম ও স্টুয়ার্ট পয়েন্টারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে তিনি ২/৯৪ ও ১/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৯ ও ৩২* রান সংগ্রহ করতে পেরেছিলেন। তবে, প্রতিপক্ষীয় রহমত শাহের ৯৮ ও ৭৬ রানের বদৌলতে তাঁর দল ৭ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল।
