|

মারে কামিন্স

২ জানুয়ারি, ১৯৯৭ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

রন্ডেবশ বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে নর্দার্ন নাইটস এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বোল্যান্ড ও সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। ১৩ অক্টোবর, ২০১৬ তারিখে আউটশুর্নে অনুষ্ঠিত ওয়েস্টার্ন প্রভিন্স বনাম সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২৩ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। ২১ জানুয়ারি, ২০২৩ তারিখে হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

২০২২-২৩ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র অধিনায়কত্বে সিরিজের একমাত্র টেস্ট খেলতে দলের সাথে বাংলাদেশ গমন করেন। ৪ এপ্রিল, ২০২৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বেন হোয়াইট, কার্টিস ক্যাম্ফার, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টরলরক্যান টাকারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৫ ও ১ রান সংগ্রহ করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ৭ উইকেটে পরাজয়বরণ করেছিল।

এরপর ২০২২-২৩ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র অধিনায়কত্বে শ্রীলঙ্কা সফরে যান। ১৬ এপ্রিল, ২০২৩ তারিখে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। জোড়া শূন্য লাভ করেন। ১ বল ও ৩ বল মোকাবেলায় উভয় ক্ষেত্রেই বিশ্ব ফার্নান্দো’র শিকারে পরিণত হয়েছিলেন। খেলায় তাঁর দল ইনিংস ও ২৮০ রানের ব্যবধানে পরাজিত হলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

সম্পৃক্ত পোস্ট