৯ জুলাই, ১৯৮৩ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নারোগিন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

‘সস’ ডাকনামে ভূষিত শন মার্শ ১.৮৪ মিটার উচ্চতার অধিকারী। পিতা জিওফ মার্শ ও সহোদর মিচেল মার্শ অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০০০-০১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কিংস ইলাভেন পাঞ্জাব, মেলবোর্ন রেনেগাডেস ও পার্থ স্কর্চার্সের পক্ষে খেলেছেন।

২০০৮ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান ঘটে। এ পর্যায়ে ইন্ডিয়ান ক্রিকেট লীগের উদ্বোধনী আসরে সর্বাধিক রান সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

২০০৮ সাল থেকে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ২০০৮ সালে দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২০ জুন, ২০০৮ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। এরপর, একই সফরের ২৪ জুন, ২০০৮ তারিখে কিংসটাউনে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। দূর্দান্ত খেলা উপহার দেন। ৮১ রান তুলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

২০১১-১২ মৌসুমে নিজ দেশে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অজি দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ৮ সেপ্টেম্বর, ২০১১ তারিখে পাল্লেকেলেতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১৪১ রানের মনোরম শতক হাঁকিয়েছিলেন। তবে, মাইকেল হাসি’র অসামান্য ব্যাটিংশৈলী প্রদর্শন সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ৯ নভেম্বর, ২০১১ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। অভিষেকধারী ভার্নন ফিল্যান্ডারের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০১৩-১৪ মৌসুমে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১৪১ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১৪৮ ও ৪৪ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। মিচেল জনসনের অনবদ্য বোলিং কৃতিত্বে সফরকারীরা ২৮১ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

বেশকিছু স্মরণীয় ইনিংস খেলার পাশাপাশি ছন্দহীনতার কারণে অস্ট্রেলিয়ার টেস্ট দলে স্থায়ীভাবে জায়গা করে নিতে তাঁকে বেশ হিমশিম খেতে হয়। ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজে অপূর্ব খেলেন। সহোদর মিচের ন্যায় তিনিও বেশ ভালোমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। দুইটি মনোরম শতক হাঁকিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংরেজ দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪-০ ব্যবধানের বিজয়ে অংশ নেন।

২০১৮-১৯ মৌসুমে নিজ দেশে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০১৮ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৯ ও ৪৪ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জসপ্রীত বুমরা’র শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, জশপ্রীত বুমরা’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ১৩৭ রানে জয় তুলে নেয় ও চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

এরপর, ৩ জানুয়ারি, ২০১৯ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৮ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলেও সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

তবে, টেস্টের তুলনায় ওডিআইয়ে অধিক সফলতার স্বাক্ষর রেখেছেন। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেন। পূর্বেকার বছরে চারটি অসাধারণ শতক হাঁকিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেন। বিগ ব্যাশ লীগে পার্থ স্কর্চার্সের পক্ষে প্রথম আট মৌসুম খেলেন। এরপর, বিবিএলের নবম আসরকে ঘিরে মেলবোর্ন রেনেগাডেসে চলে আসেন।

৫ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে এলিসি ভিলানি’র সাথে অস্ট্রেলীয় ঘরোয়া পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত। রেবেকা ও’ডোনোভান নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন।

সম্পৃক্ত পোস্ট