৬ ফেব্রুয়ারি, ১৯৯৯ তারিখে খোস্তে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটিংয়ের দিকেই অধিক মনোনিবেশ ঘটান। বামহাতে কার্যকর ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে মিস আইনাক নাইটস ও স্পিন গড় রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কাবুল জওয়ানানের পক্ষ খেলেছেন। ১৯ নভেম্বর, ২০১৭ তারিখে আমনুল্লায় মিস আইনাক রিজিওনের পক্ষে ২০১৭-১৮ মৌসুমে আহমদ শাহ আবদালী ফোর-ডে টুর্নামেন্টে অংশ নেয়ার মাধ্যমে খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ২০১৮ সালের প্রতিযোগিতায় মিস আইনাক রিজিওনের পক্ষে আট খেলায় অংশ নিয়ে ৬৬৩ রান তুলে দলের শীর্ষ রান সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হন।
২০১৬-১৭ মৌসুমে দলের সাথে জিম্বাবুয়ে সফরে যান। ২৭ জানুয়ারি, ২০১৭ তারিখে হারারেতে আফগানিস্তান ‘এ’ দলের সদস্যরূপে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলেন ও লিস্ট-এ ক্রিকেটে তাঁর অভিষেক হয়। এরপূর্বে ২০১৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান দলের সদস্য ছিলেন। ১২ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে শাপিজা ক্রিকেট লীগের ২০১৭ সালের আসরে বন্দ-ই-আমির ড্রাগন্সের পক্ষে টি২০ ক্রিকেটে প্রথম অংশ নেন।
সেপ্টেম্বর, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে কাবুল দলের সদস্যরূপে মনোনীত হন। ডিসেম্বর, ২০১৮ সালে এমার্জিং টিমস এশিয়া কাপের ২০১৮ সালের আসরে আফগানিস্তানের অনূর্ধ্ব-২৩ দলে অন্তর্ভুক্ত হন। নভেম্বর, ২০১৯ সালেও বাংলাদেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দলের সদস্য ছিলেন।
২০২১ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। মার্চ, ২০২১ সালে আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলেন। আফগানিস্তানের টি২০আই দলের সদস্যরূপে ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে আগস্ট, ২০১৯ সালে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ফেব্রুয়ারি, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে ঘিরে আসগর আফগানের অধিনায়কত্বে আফগানিস্তান দলে ঠাঁই পান। অতঃপর, ১০ মার্চ, ২০২১ তারিখে আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে সায়েদ শিরজাদের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে বিদেয় নেন। এছাড়াও, ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করালেও হাশমতউল্লাহ শাহীদি’র ২০০ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে খেলায় তাঁর দল ৬ উইকেটে জয়লাভ করলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ হয়।
জুলাই, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে তাঁকে আফগানিস্তান দলে রাখা হয়। ১৬ জানুয়ারি, ২০২২ তারিখে কাতারে নেদারল্যান্ডসের বিপক্ষে ওডিআই সিরিজকে ঘিরে ১৮-সদস্যের আফগানিস্তান দলের অন্যতম সদস্যরূপে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। ২১ জানুয়ারি, ২০২২ তারিখে ঐ দলের বিপক্ষে তিনি প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন।
২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২৯ রান সংগ্রহসহ একটি রান-আউটের সাথে জড়িত ছিলেন। তবে, দলীয় অধিনায়কের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে খেলাটি ড্রয়ে পরিণত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, একই সফরের ২ জানুয়ারি, ২০২৫ তারিখে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১২ ও ২২ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ব্লেসিং মুজারাবানি’র শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি রান-আউটের সাথে নিজেকে জড়ান। তবে, রশীদ খানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে সফরকারীরা ৭২ রানে জয় তুলে নেয় ও ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
