২৭ ডিসেম্বর, ১৯২৫ তারিখে ব্রিটিশ গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
মাল্টিনোজ ক্রিকেট ক্লাবের মাধ্যমে খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। চমৎকার প্রতিরক্ষাব্যূহ গড়ে ইনিংস উদ্বোধনে নামতেন। তিনি বিশ্বাস করতেন যে, উদ্বোধনী ব্যাটসম্যানদের কাজই হচ্ছে বলের চাকচিক্য নষ্ট করা, বোলারদের মনোবল নষ্ট করা ও দলে ভিত্তি এনে মাঝারিসারির ব্যাটসম্যানদের প্রভূত্ব করতে সহায়তা করা।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ব্রিটিশ গায়ানার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৬২-৬৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৯৫০-এর দশকে আন্তঃঔপনিবেশিক প্রতিযোগিতায় অংশ নিতেন। ১৯৫১-৫২ মৌসুমে বোর্দায় বার্বাডোসের বিপক্ষে লেসলি উইটের সাথে উদ্বোধনী জুটিতে ৩৯০ রান তুলে রেকর্ড গড়েন। ২১৬ রান তুলে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজস্ব সর্বোচ্চ রান তুললেও লেসলি উইট ২৬২ রানে অপরাজিত অবস্থায় মাঠ ত্যাগ করেন। ঐ খেলায় গায়ানা দল ৬৯২/৯ তুলে ইনিংস ঘোষণা করে এবং ইনিংস ও ১০ রানে জয় পায়।
১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে ইয়ান জনসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৬ মার্চ, ১৯৫৫ তারিখে জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কোলি স্মিথের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১২ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫ ও ০/২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৯ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।
সব মিলিয়ে ২৮টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে পাঁচ শতক সহযোগে ৩৬.৮০ গড়ে ১৭৩০ রান তুলেছিলেন। বার্বাডোস এবং ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে দুইবার করে এবং জ্যামাইকার বিপক্ষে একবার তিন অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন। ৫৩.৭০ গড়ে ২৩ উইকেট পেয়েছিলেন। ১৯৫৫ সালে কেনসিংটন ওভালে বার্বাডোসের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৬/৮০ লাভ করেছিলেন। এ পর্যায়ে গ্যারি সোবার্স, ক্যামি স্মিথ ও কনরাড হান্ট তাঁর শিকারে পরিণত হয়েছিলেন। এর এক বছর পূর্বে বোর্দায় ব্রিটিশ গায়ানার সদস্যরূপে এমসিসি’র সংগৃহীত ৬০৭ রানের বিপরীতে তিনি ৪/১২২ পেয়েছিলেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। গায়ানা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ১৯৭৩ সালে রোহন কানহাইয়ের অধীনে থেকে সহকারী ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন ও সফলতার সাথে ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজে ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে গায়ানার জর্জটাউনে ৫৩ বছর ৫৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
