১০ আগস্ট, ১৯২৩ তারিখে চেশায়ারের স্টকপোর্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ছোটখাটো গড়নের অধিকারী ছিলেন। তাসত্ত্বেও বলে পর্যাপ্ত পেস আনয়ণে সক্ষম ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্টের প্রতিনিধিত্ব করেছেন। দূর্দান্ত ডানহাতি বোলার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অল্প কিছুদিন পর কেন্টের পক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন। দূর্ভাগ্যজনকভাবে একই সময়ে আরও বেশ কয়েকজন একই মানসম্পন্ন বোলারদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে ইংল্যান্ডের পক্ষে অধিক টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পাননি। ১৯৪৬ থেকে ১৯৬১ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরবর্তী বছরগুলোয় কেন্টের বোলিং বিভাগ সামাল দিতেন। ষোলো মৌসুমের অধিন সময় নিয়ে ৩৪১টি খেলা থেকে ১০৬৭ উইকেট লাভ করেছিলেন। অনেকগুলো খেলায় দলের বিজয়ে ভূমিকা রেখেছিলেন। ১৯৫০ সালে ডোভারে নটিংহ্যামশায়ারের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৮/৩৯ পান। ১৯৫১ সালে অসম্ভব ও দুর্লভ অর্জনের সাথে নিজেকে জড়ান। ফোকস্টোনে ডার্বিশায়ারের বিপক্ষে চার বল থেকে চার উইকেট লাভ করেছিলেন। নিখুঁততা ও বুদ্ধিমত্তা প্রয়োগে বোলিং কর্মে অগ্রসর হতেন।
১৯৫১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ইংল্যান্ডের পক্ষে সব মিলিয়ে মাত্র পাঁচটি টেস্টে অংশ নিতে পেরেছিলেন। ৫৪.১৪ গড়ে সাত উইকেট দখল করেছিলেন। সবগুলো টেস্টই ১৯৫১-৫২ মৌসুমে নাইজেল হাওয়ার্ডের নেতৃত্বাধীন দ্বিতীয়সারির এমসিসি দলের সাথে ভারত সফরে খেলেছিলেন। দলের সাথে দীর্ঘ সাড়ে পাঁচ মাস ভারত, পাকিস্তান ও সিলনে অবস্থান করেন। এ সফরে ব্রায়ান স্ট্যাদামের সাথে বোলিং উদ্বোধনে নেমেছিলেন। তবে, ভারতীয় ব্যাটিং ও ধীরগতিসম্পন্ন পিচে তাঁকে বেশ হিমশিম খেতে হয়েছিল।
২ নভেম্বর, ১৯৫১ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডন কেনিয়ন, ডিক স্পুনার, ডোনাল্ড কার ও নাইজেল হাওয়ার্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/৫৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে ফলাফলবিহীন অবস্থায় সিরিজটি অগ্রসর হতে থাকে।
একই সফরের ১২ জানুয়ারি, ১৯৫২ তারিখে কানপুরে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৫ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৮ উইকেটে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর, ৬ ফেব্রুয়ারি, ১৯৫২ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। এ টেস্টে তাঁর দল পরাজিত হলে স্বাগতিক ভারত দল তাদের প্রথম টেস্ট জয়লাভের কৃতিত্বের অধিকারী হয়। তবে, লোডার কিংবা টাইসনের একাধিপত্যে তাঁর টেস্টে অংশগ্রহণে বিরূপ প্রভাব ফেলে। এ সফরের পর দল নির্বাচকমণ্ডলীর নজরের বাইরে চলে যান। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাটিংয়ে নেমে উভয় ইনিংসে বিনু মানকড়ের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৮ রানে জয় পেলে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করতে সমর্থ হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায় দক্ষ ছিলেন। শীত মৌসুমে কেন্ট লীগে রামসগেট এফসি’র পক্ষে অর্ধ-পেশাদার খেলোয়াড় হিসেবে উইং অবস্থানে খেলতেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ১৯৪৪ সালে ক্যাথলিন হিলস নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির দুই কন্যা ছিল। ২৬ সেপ্টেম্বর, ২০১৫ তারিখে কেন্টের মেইডস্টোন এলাকায় ৯২ বছর ৪৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন ডন স্মিথের পর ইংল্যান্ডের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের মর্যাদা পেয়েছিলেন।
