|

ফারহান আদিল

২৫ সেপ্টেম্বর, ১৯৭৭ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৯৬-৯৭ মৌসুম থেকে ২০০৬ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরে নিয়মিতভাবে ডানহাতি মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ঘরোয়া পর্যায়ের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী ক্রিকেট অ্যাসোসিয়েশন ও হাবিব ব্যাংক লিমিটেডের পক্ষে ছয় মৌসুম অংশ নিয়েছেন। ৩০-এর মাঝামাঝি গড়ে তাঁর প্রতিভার অসাধারণত্বে প্রকাশ ঘটেনি। তাসত্ত্বেও, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ‘এ’ দলের সদস্যরূপে বেশ ভালোমানের ক্রীড়াশৈলী উপস্থাপন করেছিলেন। ফলশ্রুতিতে, জাতীয় দলের পক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা পান।

২০০৩ সালে পাকিস্তানের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ২০০৩-০৪ মৌসুমে নিজ দেশে খালেদ মাহমুদের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। তুলনামূলকভাবে বেশ বয়স নিয়ে সফরকারী বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার জন্যে দলে ঠাঁই পান। ৩ সেপ্টেম্বর, ২০০৩ তারিখে মুলতানে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। সালমান বাটইয়াসির আলী’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। তেমন সুবিধে করতে পারেননি। অংশগ্রহণকৃত একমাত্র টেস্টের দুই ইনিংস থেকে ৩৩ রান পেয়েছিলেন। তবে, ইনজামাম-উল-হকের ১৩৮ রানের অপরাজিত শতকের কল্যাণে স্বাগতিকরা নাটকীয়ভাবে এক উইকেটে জয় পায় ও ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

২৭ জানুয়ারি, ২০০৯ তারিখে প্রতিযোগিতাধর্মী সকল স্তরের ক্রিকেট খেলা থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেন।

সম্পৃক্ত পোস্ট