|

কার্ল মুম্বা

৬ মে, ১৯৯৫ তারিখে কেউইকেউই এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মিড ওয়েস্ট রাইনোস ও রাইজিং স্টার্সের প্রতিনিধিত্ব করেছেন। ৪ মার্চ, ২০১৪ তারিখে কেউইকেউইয়ে অনুষ্ঠিত মিড ওয়েস্ট রাইনোস বনাম মাতাবেলেল্যান্ড তুস্কার্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। মিড ওয়েস্ট রাইনোসের পক্ষে খেলছেন। ২০১৮-১৯ মৌসুমের লোগান কাপের প্রথম রাউন্ডে দূর্দান্ত খেলেন। ডিসেম্বর, ২০১৮ সালে মাউন্টেনিয়ার্সের বিপক্ষে ঐ খেলার দ্বিতীয় ইনিংসে ৬/৭ বোলিং পরিসংখ্যান গড়েন। জিম্বাবুয়ের প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় ছয় উইকেট লাভকারী বোলারদের ক্ষেত্রে এটিই সেরা বোলিং পরিসংখ্যান।

১৩ মার্চ, ২০১৯ তারিখে স্টানবিক ব্যাংক ২০ সিরিজের ২০১৮-১৯ মৌসুমের আসরে মিড ওয়েস্ট রাইনোসের পক্ষে টি২০ ক্রিকেটে অভিষেক হয়। ডিসেম্বর, ২০২০ সালে রাইনোসের পক্ষে ২০২০-২১ মৌসুমে খেলার জন্যে নির্বাচিত হন।

২০১৬ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। অক্টোবর, ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে জিম্বাবুয়ে দলের সদস্যরূপে মনোনীত হন। ২০১৬-১৭ মৌসুমে নিজ দেশে রঙ্গনা হেরাথের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ২৯ অক্টোবর, ২০১৬ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। এ টেস্টে অংশ নেয়ার মাধ্যমে জিম্বাবুয়ের শততম টেস্ট ক্রিকেটারের সম্মাননায় অভিষিক্ত হন। গ্রায়েম ক্রিমারের অসামান্য অল-রাউন্ড ক্রীড়াশৈলী প্রদর্শন স্বত্ত্বেও সফরকারীরা ২২৫ রানে জয় পায়। ১/১০১ ও ৪/৫০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে ১ ও ১০* রান সংগ্রহ করেছিলেন।

পরের মাসে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার অংশগ্রহণে ত্রি-দেশীয় ওডিআই সিরিজ খেলার জন্যে দলের সদস্য হন। ১৪ নভেম্বর, ২০১৬ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে।

ফেব্রুয়ারি, ২০১৭ সালে জিম্বাবুয়ে ক্রিকেট কর্তৃক একাডেমি দলের সদস্যরূপে ঐ বছরের শেষদিকে ইংল্যান্ড সফরের জন্যে মনোনীত হন। ২০১৯-২০ মৌসুমে নিজ দেশে ডিমুথ করুণারত্নে’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ২৭ জানুয়ারি, ২০২০ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টে অংশ নেন। সিকান্দার রাজা’র অসামান্য দৃঢ়তায় খেলাটি ড্রয়ে পরিণত হলেও সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে।

ফেব্রুয়ারি, ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে টি২০আই সিরিজ খেলার জন্যে দলে ঠাঁই পান। ৯ মার্চ, ২০২০ তারিখে ঢাকায় অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টি২০আইয়ে অভিষেক ঘটে।

সম্পৃক্ত পোস্ট