২২ আগস্ট, ১৯৯৬ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিচ্ছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে খেলেছেন। ১৭ মার্চ, ২০১৭ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত রিজিওনাল ফোর-ডে কম্পিটিশনে ত্রিনিদাদ ও টোবাগো বনাম গায়ানার মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
কিশোর ক্রিকেটে অংশগ্রহণ করতে থাকে ও এক পর্যায়ে নিজেকে বড় আসরের ক্রিকেটের উপযোগী করে তুলেন। ত্রিনিদাদ ও টোবাগোর অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে দারুণ খেলতে থাকেন। ২০১৬ সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। বেশ কয়েকবার দূর্দান্ত বোলিং করাসহ নিচেরসারিতে ব্যাট হাতে দারুণ খেলার কারণেই তিনি এ সুযোগ পান। ইয়র্কারের দিকেই অধিক জোড় দেন। ২০১৮ সালের আসলে কিছু সময় দূর্দান্ত খেললেও ধারাবাহিকতার অভাবে ও স্নায়ুর চাপে ভোগার কারণে চূড়ান্ত খেলায় তাঁর পরিবর্তে খারি পিয়েরেকে অগ্রাধিকার দেয়া হয়।
২০২১ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। ১৪ মার্চ, ২০২১ তারিখে নর্থ সাউন্ডে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়ার জন্যে তাঁকে ওয়েস্ট ইন্ডিজ দলে রাখা হয়। কিন্তু কোন টেস্ট খেলানো হয়নি।
২০২২ সালে নিজ দেশে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ২৪ জুন, ২০২২ তারিখে গ্রোস আইলেটে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। কেমার রোচের কাছে থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন। প্রথম ওভারেই সফলতার স্বাক্ষর রাখেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে একবার ব্যাটিংয়ে নেমে ৯ রান তুলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৩০ ও ০/২৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। কাইল মায়ার্সের অল-রাউন্ড নৈপুণ্যে সফরকারীরা ১০ উইকেটে পরাজয়বরণ করলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
২০২৫-২৬ মৌসুমে রোস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে মাউন্ট মুঙ্গানুইয়ে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৭ ও ১০ রান সংগ্রহ করেন। ডেভন কনওয়ে’র অসাধারণ জোড়া শতকের কল্যাণে স্বাগতিকরা ৩২৩ রানে জয়লাভ করলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
