১৫ অক্টোবর, ১৮৮৫ তারিখে নিউ সাউথ ওয়েলসের ম্যাকডোনাল্ড টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯১০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
চমৎকার মিডিয়াম-পেস গুগলি বোলার হিসেবে সুনাম কুড়িয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৮-০৯ মৌসুম থেকে ১৯১২-১৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৯০৯-১০ মৌসুমে মেলবোর্নে ভিক্টোরিয়ার বিপক্ষে ব্যক্তিগত সেরা ৭/২৮ লাভ করেন। শেফিল্ড শীল্ডে তিনি মাত্র ১৫ খেলায় অংশ নিয়ে ২৪.৬৫ গড়ে ৬০ উইকেট দখল করেন।
১৯১২ সালে অস্ট্রেলিয়ার পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯১২ সালে সিড গ্রিগরি’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। শুরুটা চমৎকার হলেও তেমন সফলতা পাননি। ঐ গ্রীষ্মে ত্রি-দেশীয় প্রতিযোগিতায় অংশ নেন। স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি করে টেস্ট খেলেছিলেন।
২৭ মে, ১৯১২ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অংশ নেন। ক্লড জেনিংস ও বার্লো কার্কিকের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১/৯৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ১ রান সংগ্রহ করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ইনিংস ও ৮৮ রানে জয়লাভ করে।
একই প্রতিযোগিতায় ২৪ জুন, ১৯১২ তারিখে লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৪৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, ব্যাট হাতে নেবার সুযোগ পাননি। খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা বিরাজ করে।
২৯ জুলাই, ১৯১২ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন। বৃষ্টিবিঘ্নিত খেলায় তিনি ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।
এরপর, ৫ আগস্ট, ১৯১২ তারিখে নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন। খেলায় তিনি ২/৮৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ৫ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও অস্ট্রেলিয়া দল তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে মাত্র পাঁচ উইকেট দখল করেছিলেন। এছাড়াও, ১৯১৩ সালে উত্তর আমেরিকা ও বারমুডায় দীর্ঘ সফরে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। এ সফরে সহস্রাধিক রান ও শতাধিক উইকেটের সন্ধান পেয়েছিলেন।
১৯১২-১৩ মৌসুমে সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। খেলাগুলো থেকে ১৮.৩৩ গড়ে ১১৯২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২৩.৭৯ গড়ে ১৮৩ উইকেট পেয়েছিলেন। তন্মধ্যে, এগারোবার পাঁচ-উইকেট ও তিনবার দশ উইকেট লাভ করেছিলেন।
৭ জানুয়ারি, ১৯৬৭ তারিখে নিউ সাউথ ওয়েলসের পিটারশাম এলাকার হাসপাতালে ৮১ বছর ৮৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
