|

সাঈম আইয়ুব

২৪ মে, ২০০২ তারিখে করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০২২-২৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরে প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে সিন্ধু দলের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, দূরন্ত ঢাকা, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, পেশাওয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রংপুর রাইডার্স, টরন্টো ন্যাশনালস ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ২৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখে রাওয়ালপিন্ডিতে সেন্ট্রাল পাঞ্জাব বনাম সিন্ধুর মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।

২০২২-২৩ মৌসুম থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ইতোমধ্যে রাবার হারানো পর গুরুত্বহীন হয়ে পড়া খেলায় অংশ নেন। ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ৩৩ রান সংগ্রহ করেছিলেন। ঐ টেস্টে তাঁর দল আট উইকেটে পরাজয়বরণ করলে ৩-০ ব্যবধানে ধবল ধোলাইয়ের শিকার হয়।

২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১৫ অক্টোবর, ২০২৪ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৭৭ ও ২২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। তবে, সাজিদ খানের অসাধারণ বোলিংয়ের কল্যাণে স্বাগতিকরা ১৫২ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতা আনয়ণে সক্ষম হয়।

একই মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৪ ও ২৭ রান সংগ্রহ করেন। এছাড়াও, ১/৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে সফরকারীরা ২ উইকেটে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

এরপর, ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। দূর্ভাগ্যবশতঃ আঘাতের কারণে খেলায় তিনি কোন ইনিংসেই ব্যাটিংয়ে নামতে পারেননি। রায়ান রিকেলটনের দূর্দান্ত দ্বি-শতকের কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভের পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

সম্পৃক্ত পোস্ট